
ময়মনসিংহে যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার
ময়মনসিংহ সদর উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে নিখোঁজ এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।নিহত যুবকের নাম সোহেল মিয়া (২৬)। তিনি পরানগঞ্জ ইউনিয়নের নূরুল ইসলাম নূরউদ্দিনের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৬ জুলাই নিজ বাড়ি থেকে বের হওয়ার পর সোহেল মিয়া নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার কোনো সন্ধান পাননি।
বুধবার পরানগঞ্জ ইউনিয়নের অম্বিকাগঞ্জ কলেজ মাঠের পূর্ব পাশে মাটিচাপা অবস্থায় একটি মাথাবিহীন মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।পুলিশ জানায়, প্রাথমিকভাবে মরদেহটি নিখোঁজ সোহেল মিয়ার বলে ধারণা করা হচ্ছে। পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল ঘিরে তদন্ত চলছে। হত্যার রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
![]()









