- - -

মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ

img 20261007 wa0051
Print News

মন্ত্রী সাচিং প্রু টাস্কফোর্স চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণ

 

গতকাল ৬ অক্টোবর মঙ্গলবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে মন্ত্রী সাচিং প্রু’র নিকট ‘ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স’-এর নবনিযুক্ত চেয়ারম্যান স্বপন কুমার চাকমা তাঁর যোগদানপত্র জমা দেন। মন্ত্রী সাচিং প্রু সাদরে উক্ত যোগদানপত্র গ্রহণ করেন এবং নতুন চেয়ারম্যানকে আন্তরিক শুভেচ্ছা জানান।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর ২০২৬ তারিখে এক প্রজ্ঞাপনের (স্মারক নং- ২৯.০০.০০০০.২২৩.০১৮.০৫.১৭ (অংশ-১)-৬৪৩) মাধ্যমে খাগড়াছড়ি সদরের কল্যাণপুর এলাকার বাসিন্দা সুখময় চাকমার পুত্র স্বপন কুমার চাকমাকে উক্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করা হয়। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত এই টাস্কফোর্সের পদে এই নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থাকে দেশের মূল স্রোতধারার সাথে যুক্ত করার পাশাপাশি ওই অঞ্চলের জীবনযাত্রার মানোন্নয়নে বর্তমান গণতান্ত্রিক সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু, এমপি। তিনি উল্লেখ করেন, টাস্কফোর্সের কার্যক্রম গতিশীল রাখতে ও সচল রাখার লক্ষ্যেই সরকার দ্রুততম সময়ে চেয়ারম্যানের শূন্য পদ পূরণ করেছে।

স্বপন কুমার চাকমা’র যোগদানপত্র গ্রহণকালে এক দ্বিপাক্ষিক আলোচনায় পার্বত্য মন্ত্রী সাচিং প্রু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী-বাঙালি সকল মানুষের অধিকার রক্ষা ও সার্বিক কল্যাণে অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীর বিশেষ দিকনির্দেশনায় ই-লার্নিং ও দূরশিক্ষণ পদ্ধতি চালুর মাধ্যমে পাহাড়ি এলাকার শিক্ষাব্যবস্থাকে আরও আধুনিক ও জাতীয় মূলধারার সমকক্ষ করার প্রচেষ্টা চলছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।

উক্ত যোগদানপত্র গ্রহণ ও সৌজন্য সাক্ষাৎকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব কংকন চাকমা এবং মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa