
বিএসএফের ঠেলে দেওয়া ৩ যুবককে ফেরত পাঠাল বিজিবি
জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তিন যুবককে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাঁরা সীমান্তের প্রায় দুই কিলোমিটার ভেতরে কড়িয়া বাজারে পৌঁছালে স্থানীয়রা তাঁদের আটক করে বিজিবিকে খবর দেন। পরে বিজিবি সদস্যরা তাঁদের সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে ফেরত পাঠান।
মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএসএফ তিন যুবককে ২৭৬ নম্বর মূল পিলার দিয়ে বাংলাদেশে ঠেলে দেয়। পরে তাঁরা কড়িয়া বাজারে চলে আসেন। তাঁদের পরনের কাপড় ভেজা দেখে স্থানীয়দের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে সীমান্ত দিয়ে বাংলাদেশে আসার বিষয়টি জানা যায়। পরে স্থানীয়রা বিজিবিকে খবর দেন।
সকাল সাড়ে ৭টার দিকে বিজিবি সদস্যরা ওই তিন যুবককে সীমান্তের ২৭৬ নম্বর মূল পিলারের কাছে নিয়ে গিয়ে ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়ে দেন। এ ঘটনায় বেলা ১১টার দিকে বিএসএফ-১২৩ ব্যাটালিয়নের দুর্গাপুর ক্যাম্প ও বিজিবি-১৪ পত্নীতলা ব্যাটালিয়নের কড়িয়া ক্যাম্পের মধ্যে পতাকা বৈঠক হয়। তবে বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। পরে আবারও পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
বিজিবির কড়িয়া বিওপির কমান্ডার মহাতাব উদ্দিন বলেন, বিএসএফ তিন যুবককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছিল। বিজিবি তাঁদের আবার ভারতীয় সীমান্তের অভ্যন্তরে পাঠিয়েছে। প্রথম দফার পতাকা বৈঠকে কোনো সুরাহা হয়নি। পরবর্তী সময়ে আরও একটি পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।
![]()









