- - -

মাদকমুক্ত কাউখালী উপজেলা গড়তে শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

img 20261029 wa0317
Print News

অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের সেমিনারে পাইচিং মং মারমা
মাদকমুক্ত কাউখালী উপজেলা গড়তে
শিক্ষক ও শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে

মাদক এখন সমাজের মরণব্যাধি হিসেবে উপনীত হয়েছে। দেশের এমন কোনো স্থান নেই, যেখানে মাদকের ছোঁয়া লাগেনি। মাদকের ছোবলে আজ তরুণ প্রজন্ম এবং কোমলমতি শিক্ষার্থীরা দিকভ্রান্ত হয়ে পড়ছে। এর থেকে পরিত্রাণের উপায় খুঁজে বের করতে হবে আমাদেরকে। সরকার ও প্রশাসনের একার পক্ষে কখনো মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে শিক্ষক ও শিক্ষার্থীরা। তাই পার্বত্য জেলা রাঙ্গমাটির কাউখালী উপজেলাকে মাদকমুক্ত করতে হলে শিক্ষক ও শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্ক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য পাইচিং মং মারমা উপরোক্ত মন্তব্য করেন।

মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠন অ্যান্টি ড্রাগ নেটওয়ার্কের উদ্যোগে আজ ২৯ অক্টোবর দুপুর বারোটায় রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংগঠনের সভাপতি স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে ‘কোমলমতি শিক্ষার্থীদের মাদকের কুফল সম্পর্কে ধারণা ও আমাদের করণীয়’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবী পাইচং মং মারমা। প্রধান আলোচক ছিলেন বেতবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ঊষা রানী বড়ুয়া।
প্রধান অতিথির বক্তব্যে পাইচং মং মারমা আরো বলেন, সমাজে মাদকাসক্ত কে এবং মাদক-কারবারী কারা প্রশাসনের চেয়েও খুব বেশি ধারণা রাখেন শিক্ষার্থীরা। সরকার দেশকে মাদকমুক্ত করার জন্য জোরালোভাবে কাজ করছে। সরকারের এই কর্মসূচিকে সফল করে মাদকমুক্ত দেশ গঠনে শিক্ষার্থীরাই প্রশাসনের সহযোগী হয়ে কাজ করতে পারে।

প্রধান আলোচক ঊষা রানী বড়ুয়া বলেন, দেশ ও জাতিকে এগিয়ে নিতে হলে আমাদের তরুণ প্রজন্মকে আরো সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের মহৎ কর্মসূচি মাদকমুক্ত দেশ গঠন করার প্রক্রিয়ায় শিক্ষক ও শিক্ষার্থীরাও সরকারের সহযোগী হয়ে ভূমিকা পালন করতে পারে। এক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীরা ও প্রশাসন একযোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা ও প্রতিরোধে এগিয়ে এলে মাদকমুক্ত দেশ গঠন করা সহজতর হয়ে উঠবে।

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ রহমত উল্লাহ, মো. শফিকুর রহমান, জয়শ্রী পাল, রত্না রানী দাশ, সহকারী শিক্ষক বিজয় চাকমা, মাইকেল মধুসূদন দেবনাথ, সংগঠনের সদস্য আয়েশা সিদ্দিকা, মো. মহিন উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস, মো. তৌসিফ আহমেদ, উচ্ছ্বাস সরকার, চিংমং মারমা।

সেমিনার ও আলোচনা সভা শেষে প্রধান অতিথি জেলা পরিষদ সদস্য পাইচিং মং মারমা ও অতিথিবৃন্দ মাদকবিরোধী উপস্থিত বক্তৃতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa