
রামগড়ে এলজি ও গুলিসহ ইউপিডিএফের কালেক্টর আটক
খাগড়াছড়ির রামগড়ে দেশীয় তৈরি এলজি ও তাজা কার্তুজসহ সুপায়ন মারমা (৫০) নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক কালেক্টরকে আটক করেছে সেনাবাহিনী। বুধবার (৪ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার প্রেমতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি (সিন্দুকছড়ি জোন) জোন কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
আটক সুপায়ন মারমা ওরফে সত্য লক্ষ্মীছড়ি উপজেলার মরমছড়ি গ্রামের মৃত রেদাচাই মারমার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুটি তাজা কার্তুজ, একটি চাঁদার বই, নগদ ১ হাজার ৩১৯ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক চাঁদা আদায়কারীকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে আটক ব্যক্তিকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় অস্ত্র ও চাঁদাবাজি আইনে মামলা করা হয়েছে।
![]()









