
পানছড়িতে বিজিবির অভিযানে সেগুন কাঠ জব্দ, মূল্য ৪০ হাজার টাকা
খাগড়াছড়ির পানছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১১ দশমিক ৬৮ ঘনফুট সেগুন কাঠ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা কাঠের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।
মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের জেসিও-১০৯১৬ নায়েব সুবেদার (সিগন্যাল) মো. শাহীন আল মামুনের নেতৃত্বে একটি বি-টাইপ টহলদল ব্যাটালিয়ন সদর থেকে প্রায় দুই কিলোমিটার পশ্চিমে ফাতেমানগর কবরস্থানের পাশের এলাকায় বিশেষ টহল অভিযান চালায়। এ সময় বিভিন্ন আকারের মোট ১৫ টুকরা সেগুন কাঠ জব্দ করা হয়। যার পরিমাণ ১১ দশমিক ৬৮ ঘনফুট এবং আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার ৮৮০ টাকা।
অভিযান শেষে জব্দকৃত কাঠ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পানছড়ি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধ কাঠ পাচার প্রতিরোধ এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
![]()









