
নজরুল বর্ষে ‘বিদ্রোহী’ কবিতার মাধ্যমে জহুর চান বিবি মহিলা কলেজে একাদশ শ্রেণির পাঠদান শুরু
নজরুল বর্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনার মধ্য দিয়ে জহুর চান বিবি মহিলা কলেজে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ১৮তম ব্যাচের পাঠদান শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) উৎসবমুখর পরিবেশে আয়োজিত পাঠদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘বিদ্রোহী’ কবিতার অংশবিশেষ পাঠ ও আলোচনা করে পাঠদান কার্যক্রমের শুভ সূচনা করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।
প্রভাষক মো. শাহীন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জ্ঞান, মানবিকতা, নৈতিকতা ও মূল্যবোধে সমৃদ্ধ হয়ে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।
পাঠদানের প্রথম দিনেই নবাগত শিক্ষার্থীদের হাতে একাডেমিক ক্যালেন্ডার ও পরিচয়পত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের আগমন উপলক্ষে এদিন থেকেই কলেজের ক্যান্টিন চালু করা হয়েছে।
নবাগত শিক্ষার্থীদের আনন্দ-উচ্ছ্বাসে যুক্ত হয় ভিন্নমাত্রা। কলেজে স্থাপিত ‘কলেজে প্রথম দিন’ নামের সেলফি কর্নারে ছবি তুলে তারা নিজেদের প্রথম দিনের স্মৃতিকে অ্যালবামে সংরক্ষণ করে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে ছিল আনন্দ, উচ্ছ্বাস ও নতুন স্বপ্নের আবহ।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক, নবীন-প্রবীণ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
![]()









