
বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
রাজশাহীর বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনের নামে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে মাদরাসা চত্বর সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন ওই মাদরাসার শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থীসহ এলাকার সাধারণ লোকজন। মানববন্ধন শেষে মাদরাসা চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় বক্তব্য দেন- মাদরাসার উপাধ্যক্ষ ফারুক মোহাম্মদ ইসমাইল হোসেন, মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী ও বাগমারা উপজেলা জামায়াতের আমির প্রভাষক বাবুল হুসাইন, প্রাক্তন শিক্ষার্থী দেলুয়াবাড়ী দাখিল মাদরাসার সুপারিনটেনডেন্ট হাফিজুর রহমান, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সিরাজুল ইসলাম, মাদরাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক আব্দুল কাদের, কম্পিউটার শিক্ষক তানজিমা খাতুন, মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী নুশরাত জাহান, মোস্তাফিজুর রহমান ও রোকাইয়া খাতুন এবং এলাকাবাসীর পক্ষে সাদের আলী, আব্দুল গনি ও হাতেম আলী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বেলঘরিয়াহাট ফাজিল (ডিগ্রি) মাদরাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে এলাকায় বখাটে হিসেবে পরিচিত জাহিদ হোসেন মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি হতে না পারায় ক্ষুব্ধ হয়ে গত রোববার এলাকার কিছু ভাড়াটিয়া লোকজন জড়ো করে অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করে। আর ওই মানববন্ধনের বরাত দিয়ে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়।
প্রতিবাদ সভায় মানববন্ধনের নামে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
![]()









