
‘পরিচ্ছন্ন নগর গড়তে রাস্তার হক আদায় করতে হবে’ — মেয়র শাহাদাত
চামড়াগুদামে জশনে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম মাহফিল
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ নগর গড়তে হলে শুধু সিটি কর্পোরেশনের ওপর নির্ভর করলে হবে না; নগরবাসীকেও নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। মানুষের যেমন মা-বাবা, সন্তান, স্ত্রী, প্রতিবেশী ও শিক্ষকের প্রতি হক রয়েছে, তেমনি রাস্তারও হক রয়েছে। সেই হক যথাযথভাবে আদায় করতে হবে।
চামড়াগুদাম মোড়ে জশনে ঈদে মিলাদুন্নবী ও ফাতেহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, “আমি সবসময় একটি ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটির কথা বলি। এমন একটি শহর চাই, যেখানে মানুষ সুন্দর ও নিরাপদ পরিবেশে হাঁটতে পারবেন, রাস্তায় ময়লা থাকবে না। এজন্য নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে।”
তিনি বলেন, রাস্তায় হাঁটার সময় শুধু নিজের নিরাপত্তার কথা চিন্তা করলেই হবে না, অন্য মানুষের নিরাপত্তার বিষয়টিও বিবেচনা করতে হবে। রাস্তায় পড়ে থাকা কলার খোসা, কুকুরের মল কিংবা ইট-পাথরসহ দুর্ঘটনার কারণ হতে পারে এমন কোনো বস্তু চোখে পড়লে তা সরিয়ে ফেলার চেষ্টা করতে হবে। একা সম্ভব না হলে আশপাশের মানুষকে সঙ্গে নিতে হবে অথবা সিটি কর্পোরেশনকে জানাতে হবে।
মেয়র আরও বলেন, মানুষের চলাচলের পথে পড়ে থাকা ক্ষতিকর বস্তু সরিয়ে দেওয়া একটি সদকার কাজ। একইভাবে নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও রাস্তায় বা আশপাশে ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিকরা নিজেরা সচেতন হলে এবং রাস্তার হক আদায় করলে নগরীর পরিচ্ছন্নতা অনেকাংশে নিশ্চিত করা সম্ভব।
কোরআন ও হাদিসের শিক্ষার প্রসঙ্গ তুলে ডা. শাহাদাত হোসেন বলেন, পবিত্র কোরআনের প্রথম নির্দেশনার মধ্যেই জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরা হয়েছে। কোরআন ও হাদিসে মানুষের জীবন পরিচালনার জন্য যে দিকনির্দেশনা দেওয়া হয়েছে, তা অনুসরণ করলে মানুষের ইহকাল ও পরকাল সুন্দর হবে।
তিনি বলেন, “কোরআন আমাদের জীবনকে সুন্দর করার একটি সংবিধান। এই সংবিধান যদি আমরা মেনে চলতে পারি, তাহলে ইনশাআল্লাহ ইহকাল ও পরকালে শান্তি ও কল্যাণ লাভ করতে পারব।”
মেয়র বলেন, তিনি নগরবাসীর সেবক হিসেবে কাজ করে যেতে চান। তবে একটি সুন্দর চট্টগ্রাম গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যবসায়ী, বাসিন্দা ও সাধারণ নাগরিক—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
তকরির করেন কালারপুর অমিদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ও চাক্তাই নবনূর জামে মসজিদের খতিব হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি ওসমান গণি রেজভী, নূরে হাবিব এলাহী কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আল্লামা এনাম রেজা আল কাদেরী এবং ইমাম আজম (রহ.) রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা হযরতুলহাজ্ব আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কোতোয়ালী থানা শাখার সভাপতি জননেতা নুর হোসেন নুরু। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আলী আহমদ সওদাগর।
মাহফিলে চামড়াগুদাম-ভেড়া মার্কেট এলাকার বিশিষ্ট ব্যবসায়ী, ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
মাহফিলটি আয়োজন করে চামড়াগুদাম-ভেড়া মার্কেট ব্যবসায়ী মাহফিল উদযাপন পরিষদ।
![]()









