- - -

সাংবাদিকদের ফোন ধরেন না ইউএনও

Print News

সাংবাদিকদের ফোন ধরেন না ইউএনও

হবিগঞ্জের মাধবপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের বিরুদ্ধে ক্রমাগত সাংবাদিকদের ফোন রিসিভ না করার অভিযোগ উঠেছে। এতে তথ্যপ্রাপ্তি ব্যাহত হওয়ার পাশাপাশি জনসাধারণের বিভিন্ন সমস্যার সমাধানেও বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় কিছু সাংবাদিকরা।

সাংবাদিকদের অভিযোগ, ইউএনও মেহেদী হাসান শুধু ফোনই রিসিভ করেন না, বরং হোয়াটসঅ্যাপ বা মেসেজের মাধ্যমেও কোনো ধরনের প্রতিক্রিয়া জানান না। গুরুত্বপূর্ণ বিষয়েও একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করেছেন।

গত মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের একটি স্কুলসংক্রান্ত তথ্য গোপন করে ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এছাড়া ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি এলাকায় এক আওয়ামী লীগ নেতাকে ‘ইমাম’ দেখিয়ে সরকারি ভাতার প্রস্তাব দেওয়ার অভিযোগও রয়েছে।
এসব বিষয়ে তথ্য জানতে একাধিক সাংবাদিক ইউএনওকে ফোন করলেও তিনি তা রিসিভ করেননি এবং হোয়াটসঅ্যাপ মেসেজেরও কোনো জবাব দেননি।

অভিযোগ রয়েছে, তিনি সিন্ডিকেটের বাইরে বা ভিন্ন মতাদর্শের সাংবাদিকদের ফোন সচেতনভাবেই এড়িয়ে যান। এমনকি উপজেলার বিভিন্ন প্রশাসনিক কর্মসূচিতেও তাদের আমন্ত্রণ জানানো হয় না বলেও অভিযোগ করেছেন অনেকে।

এ বিষয়ে হবিগঞ্জের সাংবাদিক বেলাল হোসেন বলেন, “ফোন রিসিভ না করার কোনো অজুহাত গ্রহণযোগ্য নয়। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে এলাকার সমস্যা দ্রুত সমাধান সম্ভব।”

মাধবপুর মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি সাদাত মামুন বলেন, “রাজনৈতিক দলের মধ্যে মতবিরোধ থাকতে পারে। কিন্তু একজন ইউএনওকে হতে হবে নিরপেক্ষ ও দায়িত্বশীল। সাংবাদিকদের ফোন না ধরা এবং দলীয় ট্যাগ দেওয়া বিধিবহির্ভূত কাজ।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাংবাদিক বলেন, “যেখানে জেলা প্রশাসক কিংবা বিভাগীয় কমিশনার পর্যন্ত সাংবাদিকদের ফোন রিসিভ করেন, সেখানে একজন ইউএনওর এমন আচরণ প্রশ্নবিদ্ধ। জবাবদিহিতা এড়িয়ে যাওয়ার প্রবণতা থাকলে তা গ্রহণযোগ্য নয়।”

এ বিষয়ে জানতে ইউএনও মেহেদী হাসানকে একাধিকবার ফোন ও মেসেজ দেওয়া হলেও তিনি কোনো জবাব দেননি।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, “একজন ইউএনও উপজেলা তথ্য প্রদান কমিটির সভাপতি হিসেবে নিরপেক্ষ ও দায়িত্বশীল থাকবেন। সাংবাদিকদের ফোন রিসিভ না করার বিষয়টি সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa