
মাহফুজ-তাজনুভার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম
সাবেক উপদেষ্টা মাহফুজ আলম এবং সাবেক এনসিপি নেত্রী ডা. তাজনুভা জাবীনের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অলটারনেটিভস’-এর ১৭ সদস্যের ন্যাশনাল অর্গানাইজিং কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল ৬ মার্চ আংশিক এই কমিটির ঘোষণা দেওয়া হয়। নিজেদের ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মাহফুজ আলম ও তাজনুভা জাবীন।
ঘোষিত কমিটিতে আরও রয়েছেন- আহমদ ইবনে আরিফ (অনি), ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশ গুপ্ত, ফরহাদুল আলম সবুজ, মায়িদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মো. রায়হানুর রহমান (রাবি), মোহাম্মাদ এরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ এবং হাসান আলী।
অলটারনেটিভসের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ অত্যন্ত জরুরি। সংগঠনটির মতে, দেশের রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় ছাত্র-জনতার আশা ও স্বপ্ন অনেকাংশে ম্লান হয়ে গেছে। সেই প্রেক্ষাপটে জুলাইয়ের ছাত্র-জনতার হারিয়ে যাওয়া স্বপ্ন পুনরুদ্ধারই কমিটির অন্যতম লক্ষ্য।
এ বিষয়ে কমিটির সভাপতি মাহফুজ আলম বলেন, তরুণদের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের লক্ষ্য। নতুন চিন্তা ও দৃষ্টিভঙ্গির ভিত্তিতে সমাজের বিভিন্ন শ্রেণিকে একত্রিত করে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও তিনি জানান।
![]()









