- - -

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম

img 20261118 wa0001
Print News

নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিলেন আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম

সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার নেপথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশজুড়ে আলোচিত সাংবাদিক, লেখক ও অনুসন্ধানী সাংবাদিকতার পরিচিত মুখ মহসীন-উল হাকিম নওগাঁয় টেলিভিশন ও মাল্টিমিডিয়া রিপোর্টিং বিষয়ক প্রশিক্ষণ দিয়েছেন। তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, অনুসন্ধানী প্রতিবেদন তৈরির কৌশল এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করেন তিনি। সোমবার (১৬ নভেম্বর) দিনব্যাপী নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এ দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের আয়োজনে কর্মশালায় নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।
কর্মশালার উদ্বোধন করেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী।
অনুষ্ঠানে বরেণ্য সাংবাদিক মহসীন-উল হাকিমকে বিশেষভাবে বরণ করে নেয় আয়োজক সংগঠন। নওগাঁ জেলা টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয় তাঁকে।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ‘নওগাঁবাসীর গর্ব, সুন্দরবনকে দস্যুমুক্ত করার নেপথ্যের নায়ক, সারাদেশে আলোচিত সাংবাদিক মহসীন-উল হাকিম—আপনার অর্জনে আমরা গর্বিত।’
সাংবাদিক মহসীন-উল হাকিম তাঁর বক্তব্যে টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন দিক তুলে ধরেন। মাঠপর্যায়ে সংবাদ সংগ্রহ, ঘটনার গভীরে গিয়ে তথ্য অনুসন্ধান, তথ্যের সত্যতা যাচাই এবং বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি সাংবাদিকতার ক্ষেত্রে পেশাগত সততা, সাহসিকতা ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তার বিষয়েও গুরুত্ব দেন।
সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার ক্ষেত্রে তাঁর সাংবাদিকতা ও অনুসন্ধানী ভূমিকা দেশের গণমাধ্যমে বিশেষভাবে আলোচিত। সুন্দরবনের দস্যুতা, বনজীবীদের নিরাপত্তা এবং দস্যুদের আত্মসমর্পণ প্রক্রিয়াসংক্রান্ত প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা তাঁকে সাংবাদিকতার অঙ্গনে আলাদা পরিচিতি দিয়েছে।
দিনব্যাপী কর্মশালায় আরও বক্তব্য দেন নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহা. হাছানাত আলী, জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সিনিয়র সাংবাদিক মো. কায়েস উদ্দিন, শফিক ছোটন, হারুন অর রশিদ ও এম আর রকি।
পরে সোমবার সন্ধ্যায় টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফরিদুল করিম তরফদারের সভাপতিত্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপপরিচালক আবু সালেহ মো. মাসুদুল ইসলাম, সাংবাদিক মহসীন-উল হাকিম, সংগঠনের সাধারণ সম্পাদক শফিক ছোটন ও মো. কায়েস উদ্দিন ও এম.আর ইসলাম রতনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নতুন প্রযুক্তির ব্যবহার, সংবাদ উপস্থাপনা এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগ আঞ্চলিক সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa