
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
মোটরসাইকেলের জ্বালানি ট্যাংকের নিচে এবং সিএনজিচালিত অটোরিকশার পেছনের অংশে তৈরি করা হয়েছিল গোপন চেম্বার। এসব চেম্বারে লুকিয়ে ইয়াবা পাচারের সময় দুই চালককে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে পৃথক তল্লাশিতে ৩২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯৭ লাখ ২০ হাজার টাকা।
উখিয়া ৬৪ বিজিবি সূত্রে জানা যায়, বিকেল ৩টা ১০ মিনিটে হোয়াইক্যং থেকে রামুগামী একটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২২ হাজার ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় চালক আবদুর রহমানকে (২৩) আটক করা হয়।
এর প্রায় পৌনে তিন ঘণ্টা পর বিকেল ৫টা ৫০ মিনিটে একই চেকপোস্টে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে আরও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক করা হয় চালক নুরু রহিমকে (২৫)।
বিজিবি জানিয়েছে, ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি যানবাহন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন ইয়াবাগুলো হোয়াইক্যং থেকে সংগ্রহ করে রামুতে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন বলে দাবি করেছে বিজিবি।
উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক পাচারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
![]()









