- - -

হাম-রুবেলার ক্যাচআপ ক্যাম্পেইন সফল করুন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

img 20261117 wa0017
Print News

হাম-রুবেলার ক্যাচআপ ক্যাম্পেইন সফল করুন: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম নগরীর কোনো শিশু যাতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করার নির্দেশনা দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা না পেলে শিশুরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারে। তাই নগরীর প্রতিটি শিশুকে টিকাদানের আওতায় আনতে হবে। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে, সেটি নিশ্চিত করতে আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নগরীর এনায়েত বাজারের তুলাতলিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, সম্প্রতি দেশে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় গত ২০ এপ্রিল থেকে ২০ মে পর্যন্ত ৬ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৩ হাজার ২১৯ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে। পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রম আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।
তিনি জানান, চলমান ক্যাচআপ কার্যক্রমে ইতোমধ্যে প্রায় ৪০ হাজার ১৫ শিশুকে টিকা দেওয়া হয়েছে। এ পর্যন্ত মূল টিকাদান কর্মসূচি ও ক্যাচআপ কার্যক্রম মিলিয়ে চট্টগ্রাম নগরীতে মোট ৩ লাখ ৬৪ হাজার ১৫৪ শিশুকে টিকা দেওয়া হয়েছে।
প্রশাসক বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু সংখ্যাগত অর্জন নয়, বরং প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করা। বিশেষ করে বস্তি, ঘনবসতিপূর্ণ এলাকা, ভাসমান জনগোষ্ঠী এবং বিভিন্ন কারণে নিয়মিত টিকাদান কার্যক্রমের বাইরে থাকা শিশুদের প্রতি বিশেষ নজর দিতে হবে। কোনো পরিবারের অসচেতনতা, তথ্যের অভাব কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার কারণে একটি শিশুও যেন টিকা থেকে বঞ্চিত না হয়, সেজন্য স্বাস্থ্যকর্মীদের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী টিকা না পাওয়া শিশুদের শনাক্ত করতে বাড়ি বাড়ি অনুসন্ধান চালানো হচ্ছে। এসব শিশুর হালনাগাদ তালিকা তৈরি করে অতিরিক্ত ও বিশেষ টিকাদান সেশনের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে সাতটি ইপিআই জোনের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিটি ওয়ার্ডে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসার ও মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের সমন্বিতভাবে কাজ করতে হবে।’
নিয়মিত টিকাদানের পাশাপাশি বিশেষ ক্যাচআপ কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, ‘যেসব শিশু ইতোমধ্যে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সে হাম-রুবেলার নির্ধারিত ডোজ গ্রহণ করেছে, তারাও এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় অতিরিক্ত এক ডোজ টিকা পাবে, যদি ক্যাম্পেইনের ডোজ আগে না নিয়ে থাকে। তবে পূর্ববর্তী ডোজের সঙ্গে ক্যাম্পেইনের ডোজের ন্যূনতম ২৮ দিনের ব্যবধান নিশ্চিত করতে হবে। এ বিষয়ে অভিভাবকদের সঠিকভাবে অবহিত করতে হবে।’
একজন চিকিৎসক হিসেবে শিশুদের রোগ প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘প্রতিরোধযোগ্য রোগে কোনো শিশুর জীবন ঝুঁকির মুখে পড়ুক, তা আমরা চাই না। টিকাদান শিশুস্বাস্থ্য সুরক্ষার অন্যতম কার্যকর ব্যবস্থা। তাই শুধু স্বাস্থ্য বিভাগ নয়, অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদেরও এ কার্যক্রমে সহযোগিতা করতে হবে। বিশেষ করে অভিভাবকদের প্রতি আমার আহ্বান, আপনার শিশুর টিকাদানের বিষয়টি নিশ্চিত করুন এবং আশপাশে কোনো শিশু টিকা না পেয়ে থাকলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীকে জানান।’
চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রশাসক বলেন, ‘একটি স্বাস্থ্যসম্মত নগরী গড়তে হলে মা ও শিশুর স্বাস্থ্যসুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি জাতীয় টিকাদান কর্মসূচিকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আমরা কাজ করে যাচ্ছি। নগরীর প্রতিটি ওয়ার্ডে শিশুদের জন্য প্রয়োজনীয় প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়মিত টিকাদান কার্যক্রম ও বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতার জন্য স্বাস্থ্য অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়, সিভিল সার্জন কার্যালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে বিশেষ ক্যাম্পেইনের অবশিষ্ট সময়ে টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বী, চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবায়দা আক্তার, সাবেক কাউন্সিলর আব্দুল মালেক, ইউনিসেফ চট্টগ্রামের হেলথ অফিসার ডা. দেলোয়ার হোসেন, ন্যাশনাল ইপিআই আরবান স্পেশালিস্ট ডা. সরোয়ার আলম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিভিশনাল কো-অর্ডিনেটর ডা. ইমং প্রু চৌধুরী এবং সার্ভেইল্যান্স অ্যান্ড ইমিউনাইজেশন মেডিকেল অফিসার (সিমো) ডা. খাদিজা আহমেদ।
এ ছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, জোনাল মেডিকেল অফিসার, মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন
নগরীর এনায়েত বাজারের তুলাতলিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
2. নগরীর এনায়েত বাজারের তুলাতলিতে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বিশেষ হাম-রুবেলা ক্যাচআপ টিকাদান কার্যক্রমে টিকা দিচ্ছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa