
৮০ বছর বয়সেও থেমে নেই জীবনসংগ্রাম, দড়ির খাট বিক্রি করেই চলে মকবুলের সংসার
বয়স ৮০ বছর। জীবনের শেষ প্রান্তে এসেও থেমে নেই তাঁর জীবনসংগ্রাম। সংসারের হাল ধরতে প্রতিদিনই পরিশ্রম করে যাচ্ছেন অশীতিপর বৃদ্ধ মকবুল হোসেন। দড়ির খাট তৈরি ও বিক্রি করেই চলে তাঁর সংসার।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর ইউনিয়নের শ্রীচন্দ্রপুর গ্রামের বাসিন্দা মকবুল হোসেন। প্রতিদিন সকাল হলেই বাঁশ, দড়ি, হাতুড়ি ও বাটাল নিয়ে বসে পড়েন খাট তৈরির কাজে। একটি কিংবা দুটি খাট তৈরি হলে সেগুলো বিক্রির জন্য ছুটে যান বিভিন্ন হাটবাজারে। কখনো ভালো বিক্রি হয়, আবার কখনো দীর্ঘ সময় ক্রেতার অপেক্ষায় বসে থাকতে হয় তাঁকে।
মকবুল হোসেনের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ১০ বছর ধরে তিনি দড়ির খাট তৈরি ও বিক্রির কাজ করছেন। বয়সের ভারে শরীর আগের মতো সায় না দিলেও জীবিকার তাগিদে নিয়মিত কাজ করে যাচ্ছেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী ছোট-বড় বিভিন্ন আকারের খাট তৈরি করেন তিনি। এ কাজে পরিবারের সদস্যরাও মাঝেমধ্যে তাঁকে সহযোগিতা করেন।
তিনি জানান, একটি খাট তৈরি করতে তিন থেকে চার দিন সময় লাগে। প্রতিটি খাট তৈরিতে গড়ে ৮০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত খরচ হয়। তাঁর তৈরি দড়ির খাট রানীগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন হাটবাজারে বিক্রি হয়।
মকবুল হোসেনের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। একসময় নিজের জমিতে চাষাবাদ করে উপার্জিত অর্থ দিয়ে সন্তানদের বড় করেছেন এবং বিয়ে দিয়েছেন। বর্তমানে স্ত্রীকে নিয়ে তাঁর সংসার। বয়স ৮০ বছর পেরিয়ে গেলেও পরিবারের ভরণপোষণের দায়িত্ব পালনে এখনো নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি।
রোদ-বৃষ্টি কিংবা শারীরিক ক্লান্তি—কোনো কিছুই তাঁর জীবনসংগ্রামকে থামিয়ে রাখতে পারেনি। জীবিকার তাগিদে প্রতিদিনই বের হতে হয় তাঁকে।
মকবুল হোসেনের জীবনসংগ্রাম যেন গ্রামবাংলার অসংখ্য পরিশ্রমী মানুষের প্রতিচ্ছবি। বয়সের কাছে হার না মেনে নিজের শ্রম ও আত্মবিশ্বাসকে পুঁজি করে প্রতিদিন বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি।
![]()








