- - -

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

Print News

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ বুধবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ছাত্রলীগের একদল নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বর্তমান নামসংবলিত ফটকে পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ লেখা একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেন। এ সময় আন্দোলনকারীরা আগামীকালের ঘোষিত কর্মসূচির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের আন্দোলনকারী নেতারা তাঁদের অবস্থানের ব্যাখ্যা দিয়ে বলেন, “গোপালগঞ্জ বঙ্গবন্ধুর জন্মভূমি। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা। তাঁর নাম এভাবে পরিবর্তন করা আমরা মেনে নিতে পারি না। তাই আজ আমরা আমাদের প্রাণপ্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম পুনঃস্থাপন করলাম। এরপর কেউ এটি পরিবর্তন করতে চাইলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।” এ বিষয়ে কার্যক্রম নিষিদ্ধ গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের এক নম্বর সাধারণ সম্পাদক সামিউল হক তনু বলেন, ছাত্রলীগের নেতা কর্মীরা যে কাজটি করেছে সেটা গোপালগঞ্জের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষা প্রতিফলন। আগামীতে কেউ যদি এই নাম পরিবর্তন করতে চায় তাহলে তাকে উপযুক্ত জবাব দেওয়া হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার বিশ্ববিদ্যালয়টির পূর্বের নাম ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ পরিবর্তন করে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ নামকরণ করেছিল।
সাইনবোর্ড টাঙানো ও ক্যাম্পাস ফটকে বিক্ষোভের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa