
আসামে ভেঙে পড়া সুখোই যুদ্ধবিমানের ২ পাইলটই মৃত
আসামে ভেঙে পড়া ভারতীয় বায়ুসেনার সুখোই এসইউ ৩০ এমকেআই যুদ্ধ বিমানের ২ পাইলটই মৃত। শুক্রবার (৬ মার্চ ) সকালে তাঁদের মৃত্যুর খবর জানানো হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। ওই দুই পাইলটের নাম, স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুরাগকর। শুক্রবার (৬ মার্চ ) ওই ২ পাইলটের পরিচয় প্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে ভারতীয় বায়ুসেনা। মৃতদের শোকাহত পরিবার পরিজনের প্রতিসমবেদনা জানিয়েছেন তারা। এই অবস্থায় তাদের পাশে থাকার বার্তা ও দেওয়া হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সুখোইয়ের এই যুদ্ধ বিমানটিতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বৃহস্পতিবার (৫ মার্চ ) আসামের জোরাহাট বায়ুসেনা ঘাঁটি থেকে সন্ধ্যায় টেক অফ করেছিল। ওড়ার কিছুক্ষন পরে ৭টা ৪২ নাগাদ শেষবার যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। শেষবার যোগাযোগের সময় সুখোই যুদ্ধ বিমানটির অবস্থান ছিল অরুণাচল প্রদেশের সীমান্তবর্তী এলাকায়। পরে বায়ুসেনার তরফ থেকে জানানো হয় জোরহাটে প্রশিক্ষণ চলাকালীন যুদ্ধ বিমানটি ভেঙে পড়ে।
![]()









