
মধ্যপ্রদেশে দুর্গামন্দিরে ভাঙচুর, রমজানে তেলেঙ্গানায় উত্তেজনা, উত্তপ্ত কর্ণাটক ও
ভারতের তিন রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি। মধ্যপ্রদেশের জব্বলপুরে একটি দুর্গামন্দিরে ভাঙচুরের ঘটনায় হিংসা ছড়ায়। পাথর ছোঁড়া এবং হাতাহাতির ঘটনা ঘটে সেখানে। কর্ণাটকের বাঘল কোটে শিবাজী জয়ন্তীর মিছিলে অশান্তি হয়, যখন সেটি একটি মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। অন্যদিকে হায়দারাবাদে রমজানের নমাজকে কেন্দ্র করে অশান্তি ছড়িয়েছে বলে খবর। তিন রাজ্যের অশান্তিতে কেউ হতাহত হয়নি। পুলিশ দ্রুত পদক্ষেপ করায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারী ) রাতে জব্বলপুরের সিহোরা তহশিলের একটি দুর্গামন্দিরে ভাঙচুরের অভিযোগ ওঠে। এরপর দুই গোষ্ঠীর মধ্যে পাথর বৃষ্টি শুরু হয়। স্থানীয়রা জানিয়েছেন, মন্দিরে সন্ধ্যায় আরতি এবং কাছের একটি মসজিদে প্রার্থনা একই সময়ে চলছিল, তখনই গোলমাল শুরু হয়। যদিও ঝামেলা বড় আকার ধারণ করার আগেই ঘটনাস্থলে পুলিশ পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে আইন রক্ষকরা। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে জানিয়েছে প্রশাসন। কর্ণাটকের বাঘল কোটে শিবাজী জয়ন্তী পালিত হচ্ছিল। এই উপলক্ষে একটি মিছিল স্থানীয় পাংক মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল। হিন্দুগোষ্ঠীর দাবি, সেই সময় মসজিদদের ভিতর থেকে মিছিল লক্ষ্য করে পাথর ছোড়া হয়। একটি পাথর পুলিশ সুপার সিদ্ধার্থ গোয়েলের মাথায় লাগায় তিনি আহত হন। একটি সূত্রে খবর, মিছিলে ডিজে বাজানো নিয়ে আপত্তি করে মুসলিম গোষ্ঠীর লোকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাঘল কোট শহরে কারফিউ জারি হয়েছে। পাথর ছোড়ার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। হায়দরাবাদের রমজানের প্রার্থনার গোলমাল অবশ্য পুলিশ তৎপরতায় বেশিদূর এগোয়নি।
![]()









