
টেকনাফে মাদক মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমদকে (৩৬) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিজিবি চেকপোস্টসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শুক্রবার (৩০ অক্টোবর) এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৫-এর সিপিসি-২-এর একটি আভিযানিক দল জানতে পারে, হোয়াইক্যং এলাকায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মোস্তাক আহমদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তাক আহমদ হোয়াইক্যং এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও থানার জিআর মামলা নম্বর ১৮১/২২-এর অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(খ) উপধারায় সাত বছরের সাজা পরোয়ানা রয়েছে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
![]()









