
অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়ায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ইটভাটার চিমনিসহ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই অভিযানে আরেকটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ২৯ অক্টোবর বৃহস্পতিবার রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা এলাকায় দিনব্যাপী মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে মেসার্স খাজা আজমির ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেএমআর) নামের ইটভাটার চিমনিসহ চুল্লি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
একই এলাকার মেসার্স খাজা ব্রিকস ম্যানুফ্যাকচারিং (কেবিএম) নামের আরেকটি ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম জানান, অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়। এছাড়া আরও একটি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করায় অভিনন্দন জানান বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স। সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান বলেন, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় রয়েছে অবৈধ ইটভাটার আখড়া। রাঙ্গুনিয়ার ইসলামপুরে রয়েছে শতাধিক অবৈধ ইটভাটা। এসব অবৈধ ইটভাটা উচ্ছেদে জরুরি পদক্ষেপ কামনা করেন।
![]()









