
মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক
চট্টগ্রামের পতেঙ্গায় অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ হাজার কেজি (৪০ টন) সিমেন্টসহ আট পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা এ অভিযান পরিচালনা করে।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি সন্দেহজনক কার্গো বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি বোটসহ আটজনকে আটক করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
![]()









