
আচরণবিধি লঙ্ঘন:বন- কলা দিয়ে জেলে, জব্দ খাবার পেল এতিমখানায়
মোহাম্মদ এনামুল হক
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা শ্রমিকদের মাঝে খাবার বিতরণের অপরাধে এক ব্যক্তিকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ম্যাজিস্ট্রেট। এসময় জব্দ করা খাবারগুলো এতিমখানায় বিতরণ করা হয়।
সোমবার (২০ মে) সকাল ১১টার দিকে উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় নির্বাচনী আচরণ বিধি ভঙ্গের অপরাধে তাকে এ সাজা দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।
জানা গেছে, এদিন সকাল ১১টার দিকে ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙ্গাপানি চা বাগান এলাকায় উপজেলা নির্বাচনে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্যদের দ্বারা আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকল্পে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী নাজিম উদ্দিন মুহুরীর পক্ষে চা বাগানের শ্রমিকদের মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করার অপরাধে প্রদীপ কুমার নাথ প্রকাশ লক্ষণ বাবুকে নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর বিধি ১৭ ভঙ্গের অপরাধে একই বিধিমালার ৩২ বিধি অনুসারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
এছাড়া জব্দকৃত প্রায় ৩০০ পিছ কলা ও ৩০০ পিছ বনরুটি ফটিকছড়ি উপজেলার আল জামিয়াতুল কোরআনীয়া তালিমুদ্দিন মাদরাসা ও এতিমখানার এতিম শিশুদের মাঝে বিতরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন বদ্ধ পরিকর।
![]()









