- - -

হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

img 20261113 wa0196
Print News

হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.) মানবিকতা ও তরিকত শিক্ষার মহান রূপকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকালে মাহফিলে তরিকতে গাউছে হাওলা নেত্রকোণা শাখার আয়োজনে নেত্রকোণা জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মানবপ্রেম, আত্মশুদ্ধি, আধ্যাত্মিক সাধনা ও তরিকত শিক্ষার মাধ্যমে মানুষের নৈতিক ও মানবিক জীবন গঠনে হযরত শাহ্ সুফী সৈয়দ মাওলানা আব্দুল কুদ্দুস হাওলাপুরী (র.) অসামান্য অবদান রেখে গেছেন। তাঁর জীবন ও কর্ম শুধু ধর্মীয় পরিমণ্ডলেই নয়, এ অঞ্চলের সাহিত্য-সংস্কৃতি ও বাউল সাধনার ইতিহাসেও গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রামের বোয়ালখালীর হাওলাপুরী দরবার শরিফের পীর গদিনশীন পীরজাদা আলহাজ হযরত শাহ সুফী মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)।
সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু।

অনুষ্ঠানের শুরুতে হযরত গাউছুল আজম হাওলাপুরী (র.) এঁর জীবন, বংশপরম্পরা, শিক্ষাজীবন, আধ্যাত্মিক সাধনা, তরিকত প্রচার এবং মানবকল্যাণে অবদান নিয়ে একটি প্রবন্ধ পাঠ করেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার অলিউল্লাহ।

প্রবন্ধে তুলে ধরা হয়, চট্টগ্রামের বোয়ালখালীর হাওলা অঞ্চলে জন্ম নেওয়া হাওলাপুরী (র.) দীর্ঘ শিক্ষাজীবনে আরবি, ফারসি, উর্দু, বাংলা ও ইংরেজি ভাষায় গভীর জ্ঞান অর্জন করেন। শিক্ষা শেষে তিনি আধ্যাত্মিক সাধনায় আত্মনিয়োগ করেন। ঢাকার আজিমপুরে পীর হযরত দায়েম পাক (র.) এঁর কাছে বাইয়াত গ্রহণের পর তাঁর নির্দেশনায় চিশতিয়া তরিকার প্রচার ও প্রসারে কাজ শুরু করেন।
পরবর্তী সময়ে ময়মনসিংহ অঞ্চলের খিলাফত লাভ করে নেত্রকোণার মদনপুর হযরত শাহ সুলতান কমর উদ্দিন রুমি ( র.) মাজার এসে ফয়েজ বরকত হাসিল করে আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগ করেন।
বক্তারা বলেন, নেত্রকোণা, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও সিলেটসহ ভাটি অঞ্চলের অসংখ্য মানুষ তাঁর সান্নিধ্যে এসে আধ্যাত্মিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে অনুপ্রাণিত হয়েছেন। ধর্মীয় শিক্ষা, জিকির-আজকার, আত্মশুদ্ধি এবং মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তিনি একটি মানবিক সমাজ গঠনের শিক্ষা দিয়েছেন। তাঁর সান্নিধ্য এ অঞ্চলের বাউল ও মরমি সাধকদের জীবনেও প্রভাব ফেলেছে।

বক্তারা আরও বলেন, হাওলাপুরী (র.) এঁর ওফাতের পরও তাঁর প্রদর্শিত আধ্যাত্মিক ও মানবিক শিক্ষার দুইশ বছরের ধারা অব্যাহত রয়েছে। তাঁর সুযোগ্য উত্তরসূরি বর্তমান পীর গদিনশীন হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী সেই ধারাকে এগিয়ে নিচ্ছেন।
নতুন প্রজন্মের কাছে হাওলাপুরী (র.) এঁর জীবন, দর্শন ও মানবকল্যাণমূলক অবদান তুলে ধরতে এ ধরনের আলোচনা সভার গুরুত্ব অপরিসীম।

সভায় স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা ও কবি নুরুল ইসলাম ফারুকী ফকির। আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও সাংবাদিক হায়দার জাহান চৌধুরী, প্রাবন্ধিক, কবি ও কথাসাহিত্যিক প্রফেসর ননী গোপাল সরকার, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম. আ. চৌধুরী হেলিম, কেন্দুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু ফকির, অ্যাডভোকেট ওয়াজিবুল হক ফকির প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও সাহিত্যিক তানভীর জাহান চৌধুরী এবং বদরুজ্জামান খান মহব্বত। শেষে মুসলিম উম্মাহ ও বাংলাদেশের শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন হাওলাপুরী দরবার শরিফের পীর গদিনশীন হযরত মাওলানা সৈয়দ নঈমূল কুদ্দুস আকবরী (মা.জি.আ.)।

সভায় হাওলাপুরী দরবার শরিফের মুরিদ, ভক্ত ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa