
শুদ্ধতম রাজনীতিক আতাউর রহমান খান কায়সার
—————————————————————
॥ ড. মুহম্মদ মাসুম চৌধুরী॥
—————————————————————আতাউর রহমান খান কায়সার পোষাক আশাকে শরীরে চেহরায় নায়কোচিত ৬ ফুট লম্বা চেহরায় মঙ্গোলিয় এক অভিজাত ব্যক্তিত্ব যাঁকে দেখলে যে কেউ মুগ্ধ হতেন। বড় ঘরে জন্ম নেওয়া বড় মনের অধিকারী এই নেতা শুধু শরীরে বড় ছিলেন না, জ্ঞান গরীমা আর মননেও ছিলেন তিনি অনেক বড়। তিনি জমিদার পুত্র হলেও আচার ব্যবহারে জমিদার সূলভ আচরণ তাঁর কাছে কখনো ছিল না।
বৃটিশ আমলে চট্টগ্রামে বড় দুই হিন্দু জমিদার ছিলো। একজন যোগেশ বাবু আরেকজন প্রসন্ন বাবু। মুসলিম জমিদার হিসেবে প্রসিদ্ধ ছিলেন খান বাহাদুর আবদুস সাত্তার। তিনি ছিলেন চট্টগ্রাম মিউনিসিপ্যালিটির প্রথম বাঙালি চেয়ারম্যান।এই তিন প্রসিদ্ধ জমিদারকে নিয়ে বৃটিশ আমলে বলা হতো,’দুই বাবু এক মিয়া তাঁদের নিয়ে চাটগাঁইয়া’। আতাউর রহমান খান কায়সার ছিলেন খান বাহাদুর আবদুস সাত্তারের দৌহিত্র। তাঁর পিতা আলহাজ্ব এয়ার আলী খান ছিলেন বঙ্গীয় আইন পরিষদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য। তার মামা জামালুস সাত্তারও ছিলেন পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য। সত্তরের নির্বাচনের পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানী শাসক শোষকদের বিদায় ঘন্টা ধ্বনিত করতে এক বড় কৌশল অবলম্বন করেন।কৌশলটি ছিল মুসলিম লীগের বড় বড় জমিদার নেতার সুযোগ্য সন্তানদের বাঙালি রাজনীতি ও সংস্কৃতির ভাবধারায় উজ্জীবিত করে আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত করে দলকে সমৃদ্ধ করা। এ কৌশলটি অবলম্বন না করলে স্বাধীনতা আন্দোলনে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া কঠিন হয়ে পড়তো। জমিদার মুসলিম লীগ পরিবারের সন্তান আতাউর রহমান খান কায়সারকে তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা এম এ আজিজের সিদ্ধান্তে দলে যোগদান করান এবং ১৯৭০-এর নির্বাচনে আনোয়ারা-বাঁশখালী-কুতুবদিয়া এলাকায় পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচনে মনোনয়ন প্রদান করেন। এই নির্বাচনে তিনি বিপুল ভোটে পূর্বপাকিস্তানের সর্বকনিষ্টতম প্রতিনিধি নির্বাচিত হন।বাংলাদেশের প্রথম জাতীয় পরিষদের সদস্য হিসেবে সংবিধান রচনায় অংশ গ্রহণ ও স্বাক্ষর করেন। আতাউর রহমান খান কায়সার চট্টগ্রামের আনোয়ারা তৈলারদ্বীপ গ্রামে ৭ সেপ্টম্বর ১৯৪০ সালে জন্ম গ্রহণ করেন। স্থানীয় সরকারী এম ই স্কুল হতে প্রাথমিক শিক্ষা শেষ করে ১৯৫১ সালে চট্টগ্রাম সেন্ট প্ল্যাসিডস স্কুলে ভর্তি হন।১৯৫৭ সালে কৃতিত্বের সাথে মেট্রিকুলেশন পরীক্ষায় পাশ করে চট্টগ্রাম কলেজে ভর্তি হন।তিনি চট্টগ্রাম কলেজে অধ্যায়নকালে সক্রিয় রাজনৈকিক, সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়িয় পড়েন।১৯৬২ সালে বি এ অনার্স ও ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে রাষ্ট্র বিজ্ঞানে এম এ ডিগ্রী অর্জন করেন।ছাত্র জীবনে বাঙালির অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আইউব খান সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার সম্মিলনে যে অগ্নিঝরা আন্দোলন হয় তার অগ্রভাগের সৈনিক ছিলেন তিনি।
১৯৬২ সালে শরীফ কমিশন শিক্ষানীতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন চরম আকার ধারণ করে। এই আন্দোলনে মূখ্য ভূমিকা পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস এম হলের ছাত্ররাই।আইউব খানের মৌলিক গণতন্ত্রের বিরোধী আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠে এস এম হল।এই আন্দোলনে আইউবের মসনদ কেঁপে উঠে। কায়সার ভাই এস এম হলের ছাত্র হিসেবে ঐ আন্দোলনের ছিলেন সাহসী সৈনিক। ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন হতে মহান মুক্তিযুদ্ধের উত্থাল দিন গুলো পর্যন্ত যত আন্দোলন হয়েছে সকল আন্দোলনে নিজকে যুক্ত করে আতাউর রহমান খান কায়সার ইতিহাসের অংশ হয়ে যান।ইতিহাসের পাতা ছেড়া যায় মুছা যায় না। ১৯৭১ সালের ২৬ ও ২৭ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র হতে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার যে ঘোষণা তৈরী করা হয় সে ঘোষণাপত্র সংশোধন করতে বিশিষ্ট শিল্পপতি এ কে খানের পরামর্শে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।২৫ মার্চ মুক্তিযুদ্ধ শুরু হলে কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন, এম এ হান্নানকে দিয়ে স্বাধীনতা ঘোষণা,২৭ মার্চ বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড় হতে মেজর জিয়াউর রহমানকে নিয়ে এসে বেতারে স্বাধীনতার ঘোষণা পাঠ করানো এবং চট্টগ্রামের শীর্ষস্থানীয় নেতাদের যুদ্ধের পরিকল্পনা প্রনোয়নে ছিলো তাঁর সাহসী ভূমিকা।মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে তিনি ১ নম্বর সেক্টরের রাজনৈতিক সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন।জমিদারপুত্র হয়ে বিলাসী জীবন ত্যাগ করে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে খেয়ে না খেয়ে মুক্তিযুদ্ধ সংগঠিত করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতীর জনক শেখ মুজিবুর রহমান শহীদ হওয়ার পর জাতির অন্ধকার সময়ে যে কয়জন সৎ ত্যাগী রাজনীতিক সক্রিয় ভাবে রাজনীতির মাঠে ছিলেন কায়সার ভাই ছিলেন সে সাহসী পুরুষদের একজন। তিনি তৎকালীন কঠিন সময়ে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।১৯৭৭ সাল পর্যন্ত এই দায়িত্বে নিয়োজিত ছিলেন।বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর রাজনৈতিক উত্থান পতনের সময় অনেক বড় বড় নেতা ক্ষমতার লোভে দল ত্যাগ করে। তখন তিনি জলপাই সামরিক রক্তচক্ষু ও নানা প্রলোভন উপেক্ষা করে গণতন্ত্রের পিচ্ছিল পথে মাথা উচু করে এগিয়ে গেছেন। তখন দুই দুইবার কারাভোগ করছেন কিন্তু অন্যায়ের কাছে নত হননি। বঙ্গবন্ধুর আহবানে মুক্তিযুদ্ধের আদর্শের যে পতাকা তিনি হাতে তুলে নিয়েছিলেন সে পতাকা মন্ত্রিত্বের প্রলোভনেও ত্যাগ করেননি। নির্লোভ জনদরদী সদালাপী কায়সার ভাই মানুষকে প্রাণখুলে ভালোবাসতেন, রাজনৈতিক প্রতিপক্ষে শত্রু মনে করতেন না।সবার সাথে ভাল ব্যবহার করতেন। চিন্তা চেতনা মননে সুন্দরের পথিকৃৎ হিসেবে প্রতিহিংসার রাজনীতিকে মনে প্রাণে ঘৃণা করতেন।সে সুন্দর রাজনীতির আলোর মশাল তিনি হাতে নিয়ে পঞ্চাশ বছর বাংলার পথে প্রান্তে ঘুরে বেড়িয়েছেন। তাঁর মৃত্যুর পর বিশাল পাঁচটি জানাজার নামাজে বিভিন্ন দলের প্রচুর নেতৃবৃন্দের উপস্থিতির মধ্যদিয়ে প্রমাণ হলো তিনি শুধু দলীয় নেতা নন, প্রকৃত একজন গণমানুষের জননেতা। যে উদার রাজনীতি তিনি ধারণ করতেন তা আজ বিলুপ্তির পথে। নিজে সৎ থাকলে দুনিয়ার কোন শক্তি অসৎ করতে পারবে না, এই নীতিতে বিশ্বাসী ছিলেন বলেই কোন অপশক্তি তাঁর পথ হতে বিচ্যুত করতে পরেনি। তিনি দুর্নীতি ও কালো টাকার রাজনীতিকে চরম ঘৃণা করতেন।
আতাউর রহমান খান স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারির নেতা ছিলেন। চট্টগ্রাম চন্দনপুরাস্থ তাঁর জমিদার বাড়িতে ১৪ দলের নেতৃবৃন্দের বহু আন্দোলনের গোপন কৌশল নির্ধারিত হতো।রাজনৈতিক দুর্যোগের সময় তিনি ঠাণ্ডা মাথায় সঠিক সিদ্ধান্ত ও পরামর্শ দিতেন।
এই দেশপ্রেমিক নেতা ১৯৮৭-৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালনকালে ১৯৯১-এর জাতীয় নির্বাচনী ইশতিহার, ঘোষণাপত্র প্রণয়োনে নতুন অর্থনৈতিক পরিকল্পনা সংযোগ করেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর দীর্ঘদিনের পার্বত্য চট্টগ্রামের সমস্যার রাজনৈতিক সমাধানের উদ্যোগ গ্রহণ করে। এই সমস্যা সমাধানে যে কয়েকজন নেতা আন্তরিক ভাবে কষ্ট করেছেন তাঁদের মধ্যে অন্যতম ছিলেন কায়সার ভাই।এই নেতাদের বিচক্ষণতার ফলে তৃতীয় পক্ষের উপস্থিতি ছাড়া ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করা সম্ভব হয়।অল্প সময়ে করা শান্তি চুক্তির ফলে পার্বত্য বিদ্রোহীরা এক সাথে অস্ত্র জমাদানের দৃশ্যটি পৃথিবীর বুকে বিরল ঘটনা।
যারা বলে,’নিজের ডোল নিজে পিটায়ো অপরকে পিটাতে দিলে ফাটায়া ফেলিবে’-এ দলের মানুষ তিনি ছিলেন না।কখনো প্রচার পাওয়ার রাজনীতির দিকে তিনি পা বাড়াননি। ঢাকডোল পিটানোর কোন অনুগত বাহিনী সৃষ্টি করেননি। দল ,উপদল, কোন্দলের রাজনীতি হতে তিনি নিজকে সরিয়ে রেখে ছিলেন। কোন ভাইয়ের শ্লোগান নয়, বোনের (শেখ হাসিনা) শ্লোগাই ছিলো তাঁর কাছে প্রিয়। কায়সার ভাই ১৯৭০ সালের পর ১৯৯৬ সালে একবার জাতীয় নির্বাচনে মনোনয়ন পান। বাকী নির্বাচনগুলোতে মনোনয়ন পাননি। তাতে তাঁর মনে কোন ধরনের ক্ষোভ ও দু:খবোধ ছিল না। দলের প্রতি আনুগত্য ছিল বিরল। মনোনয়ন না পেলেও দলের মনোনীত ব্যক্তির পক্ষে প্রাণ খুলে কাজ করতেন। নিজ কাজের মূল্যায়নের আশা কখনো করতেন না। ২০০২ সালে তিনি আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং আমরণ এই দায়িত্ব পালন করেন। নির্ভয় নির্ভিক আপোষহীন কায়সার ভাই রাজনৈতিক প্রতিকূলতার মাঝেও জননেত্রী শেখ হাসিনার পাশে ছিলেন। এক-এগারোর রাজনৈতিক টর্ণেডোর পর নেত্রী যখন জেলে তখন অনেক বড় বড় নেতা যখন ষড়যন্ত্র ও সুবিধাবাদী ভূমিকায় অবতীর্ণ তখন তিনি অগণতান্ত্রিক শাসনের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেন। কায়সার ভাইদের ত্যাগের ফলে আবার আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ফিরে আসে। তিনি সফলতার সাথে রাশিয়া ও দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন।দক্ষ রাজনৈতিক কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকালে কোরিয়া হতে আমাদের নৌবাহিনীর জন্য বঙ্গবন্ধু ফ্রিগেট ও টহল জাহাজ আমদানীতে বড় অবদান রাখেন। তিনি ছিলেন বাঙালি সাহিত্য সংস্কৃতির প্রতি অনুরাগী ব্যক্তিত্ব। কাব্য চর্চায় ছিল তাঁর অনাবিল আনন্দ। রবীন্দ্র সঙ্গীতের আধ্যাত্মিক ভাবধারায় অনুরাগী হয়ে উচ্চারণ করতেন,’তব দয়া দিয়ে হবে গো মোর জীবন ধুতে / নইলে কী আর পারবো তোমার চরণ ছুঁতে’। তিনি ছিলেন একজন সৃজনশীল মানুষ। সাহিত্য আড্ডা জমাতেন ভালো। অনর্গল বলে যেতেন শেলী,শেক্সপিয়র, বায়রন, ইয়েটস, কীটসের কবিতার পংক্তি। বাংলা ও ইংরেজি সাহিত্যের প্রতি তাঁর ভালোবাসা ছিলো অসাধারণ। ‘চক্রবাক’ ও ‘মুখর অরণ্য’ সুপাঠ্য দুই কাব্য গ্রন্থ তিনি সম্পাদনা করেন এবং গ্রন্থদ্বয়ে তাঁর বেশ কিছু কবিতা ছিল। স্বরচিত কবিতার একটি পংক্তি তাঁর খুবই প্রিয় ছিল বলেই তিনি বারবার তা উচ্চারণ করতেন। পংক্তিটা হলো,’যে নদী থামেনা নদীতে / সমুদ্র তৃষ্ণা যার / কোন মালিন্য করে না মলিন / নির্মল জল তার’।
কায়সার ভাইয়ের সহধর্মীনী আমাদের নিলুফার ভাবীর নামাজে জানাজার পর চন্দনপুরাস্থ বাড়ির আঙ্গিনায় তিনি আমার পাশের চেয়ারে বলেছিলেন। কী অসহায় এক চেহরা! চোখে মুখে স্বজন হারানোর বেদনা বহন করার ক্ষমতা যেন তাঁর নেই। দৃশ্যটির কথা মনে আসলে আমি এখনো ইমোশনাল হয়ে পড়ি। কিছু দিন পর তিনি অসুস্থ হয়ে ঢাকা এপোলো হাসপাতালে ভর্তি হন। চিকিৎসা শেষ না করে চট্টগ্রামে ফিরে এসে তিনি বললেন, আমি সুস্থ। আবার শুরু করলেন নানা অনুষ্ঠানে যোগ দেওয়া। একদিন আমি তাঁকে ইসলামিক ফাউণ্ডেশন চট্টগ্রাম বিভাগের উদ্যোগে আয়োজিত জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করে নিয়ে যাই। আমি ছিলাম আলোচক। অসুস্থ শরীর নিয়ে অসাধারণ মানসিক শক্তির জোরে তিনি লাঠিতে ভর করে আন্দরকিল্লাস্থ তিন তলায় ইসলামিক ফাউণ্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত সভা যোগদান করেন। এটিই ছিল তাঁর জীবনের শেষ সভা। ২০১০ সালের ২৮ আগস্ট সাবেক সাংসদ ও রাষ্ট্রদূত ওসমান সরোয়ার আলমের নামাজে জানাজায় অংশ নিতে কক্সবাজারে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন। দেশ বিদেশের চিকিৎসা শেষে তিনি চট্টগ্রামে ফিরে আসেন। কিছুদিন পর আবার গুরুতর অসুস্থ হয়ে আবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি ৯ অক্টোবর বেলা ৩ টার সময় ইন্তেকাল করেন।(ইন্না..ওয়া..রাজে..)
বাংলাদেশ আওয়ামীগ একটি বিশাল জাতীয়তাবাদী মাল্টিকালচার প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে কোনদিন নেতা কর্মীর অভাব হবে না। কিন্তু কায়সার ভাইয়ের মত রুচিশীল প্রজ্ঞাবান নেতার জন্ম সহজে হবে মনে হয় না। বর্তমান কঠিন সময় হতে উত্তীর্ণ হতে চাইলে তাঁকে স্মরণ নয়, অনুসরণ করতে হবে।
![]()







