
আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে গেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি
একসময় গ্রামে বিয়ে মানেই ছিল পালকির ছোঁয়া। ঢোল-বাদ্যের তালে তালে, গ্রামের মেঠোপথ কাঁপিয়ে, চারজন বেহারার কাঁধে চড়ে আসত ফুল দিয়ে সাজানো রং বে-রঙের পালকি।
পালকির ভেতরে লাজুক মুখে বসে থাকত নতুন বউ, চারপাশে ভিড় করে থাকত গ্রামের মানুষ। সেই দৃশ্য দেখতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকত ছোট থেকে বড় সবাই। আজ সেই দৃশ্য আর চোখে পড়ে না। আধুনিকতার ছোঁয়ায় থেকে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিয়ের পালকি।
আগে বিয়ে মানেই ছিল পালকি ছাড়া অসম্পূর্ণ। বর আসত ঘোড়ায় চড়ে কিংবা পায়ে হেঁটে, আর বউ যেত পালকিতে চড়ে শ্বশুরবাড়ি। পালকি সাজানো হতো লাল-হলুদ কাপড়, ফুল, রঙিন কাগজ আর ঝালর দিয়ে। বেহারারা একসাথে সুর তুলে বলত, “হুম না হুম না”, আর সেই সুরে দুলতে দুলতে এগিয়ে চলত পালকি।
পালকির পেছন পেছন হাঁটত বরযাত্রী, আত্মীয়-স্বজন, গ্রামের মা-চাচিরা। কেউ কাঁদত, কেউ হাসত, কেউ উলুধ্বনি দিত। বাবার বাড়ি ছেড়ে যাওয়ার সময় মেয়ের কান্নায় ভারী হয়ে যেত পুরো গ্রামের বাতাস। পালকির দরজার ফাঁক দিয়ে নতুন বউ তাকিয়ে দেখত তার চিরচেনা গ্রাম, তার ছোটবেলার মাঠ, তার মায়ের মুখ। সে এক অন্যরকম মায়া, অন্যরকম ভালোবাসা ছিল।
এখন বিয়েতে পালকির জায়গা দখল করে নিয়েছে প্রাইভেট কার, মাইক্রোবাস, আর আলোকসজ্জায় সাজানো গাড়ি। পাকা রাস্তা হয়েছে, মানুষের হাতে সময় কমেছে, সবাই চায় দ্রুত, চায় আধুনিকতা। পালকিতে করে বউ আনা এখন অনেকের কাছে সেকেলে মনে হয়।
বেহারারাও আর নেই। যারা একসময় পালকি বইতেন, তারা এখন কেউ রিকশা চালান, কেউ দিনমজুরি করেন, কেউ চলে গেছেন শহরে। পালকি বানানোর দক্ষ কারিগরও আর পাওয়া যায় না। ভালো কাঠ, বাঁশ আর রঙিন কাপড় দিয়ে পালকি বানাতে যে সময় আর খরচ লাগে, তা এখন কেউ দিতে চায় না।
প্রবীণদের সাথে কথা বললেই বোঝা যায়, পালকি তাদের কাছে শুধু একটা বাহন ছিল না, ছিল একটা আবেগের নাম।
এক বৃদ্ধা চোখের জল মুছতে মুছতে বলেন, পালকিতে করে শ্বশুরবাড়ি যাওয়ার দিনটার কথা আমি এখনো ভুলতে পারি না। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, বাবা দূরে দাঁড়িয়ে চোখ মুছছিলেন। পালকি যখন চলতে শুরু করল, মনে হচ্ছিল আমার বুকটা ফেটে যাচ্ছে।
আরেকজন বৃদ্ধ বলেন, আগে বিয়ে বাড়িতে পালকি না আসলে বিয়েই মনে হতো না। পালকি দেখতে পুরো গ্রামের মানুষ ছুটে আসত। এখন বিয়েতে গাড়ি আসে, কিন্তু সেই আনন্দ আর নেই। গাড়ির হর্নে মন ভরে না, পালকির হুম না হুম না সুরে মন ভরত।
নতুন প্রজন্মের কাছে পালকি একটি শুধুই বাহন যা বইয়ের পাতায় মেলে। দুঃখের কথা হলো, নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে বাস্তবে পালকি দেখেইনি। তারা পালকি চেনে শুধু বইয়ের ছবিতে, পুরনো সিনেমায়, আর দাদা-দাদির মুখের গল্পে। পালকিতে চড়ে বউ কেমন করে যায়, বেহারারা কেমন করে সুর তুলে হাঁটে, তা তারা জানে না।
একজন স্কুল শিক্ষক বলেন, আমি ক্লাসে পালকির কথা বললে ছাত্ররা অবাক হয়ে তাকায়। তারা জিজ্ঞেস করে, স্যার, পালকি কী? তখন আমার বুকটা হু হু করে ওঠে।
পালকি হারিয়ে যাওয়া মানে শুধু একটা বাহন হারিয়ে যাওয়া নয়। হারিয়ে যাওয়া মানে গ্রামবাংলার এক টুকরো সংস্কৃতি হারিয়ে যাওয়া, এক টুকরো মায়া হারিয়ে যাওয়া, এক টুকরো শৈশব হারিয়ে যাওয়া। পালকির সাথে জড়িয়ে ছিল গ্রামের মানুষের মিলন, ভালোবাসা, কান্না আর হাসি। পালকি ছিল গ্রামের মানুষকে একসাথে বেঁধে রাখার একটা সুতো।
ফুলে সাজানো লাল পালকিতে চড়ে লাজুক মুখে শ্বশুরবাড়ি যাচ্ছে নতুন বউ? সেই প্রশ্ন এখন প্রতিটি গ্রামবাংলা প্রেমিক মানুষের মনে।
![]()







