
দিনাজপুর বীরগঞ্জে পশ্চিম ঘোড়াবান্দ ঢেপা নদীতে জরুরি সেতু নির্মাণের দাবি, এমপি মঞ্জুরুল ইসলামের দৃষ্টি আকর্ষণ এলাকাবাসীর
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়ন ও কাহারোল উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঢেপা নদীতে একটি স্থায়ী সেতু নির্মাণের জোর দাবি জানিয়েছেন দুই উপজেলার কয়েকটি গ্রামের বাসিন্দা ও স্থানীয় বিএনপি নেতারা।
দীর্ঘদিন ধরে সেতু না থাকায় নদীর দুই পাড়ের মানুষের যাতায়াত, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আসা-যাওয়া, কৃষিকাজ এবং জরুরি চিকিৎসাসেবা গ্রহণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় দিনাজপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম এমপির জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢেপা নদীর দুই পাড়ে বীরগঞ্জের পাল্টাপুর, পশ্চিম ঘোড়াবান্দ, কাজল, বাঘপুরসহ কাহারোলের মুকুন্দপুর ইউনিয়নের রামপুর ও মালগ্রাম এলাকার শত শত পরিবার বসবাস করে। এসব এলাকার মানুষ প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে নদী পার হয়ে উপজেলা শহর কিংবা মূল সড়কে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিনেও সেখানে কোনো স্থায়ী সেতু নির্মিত না হওয়ায় বর্ষা মৌসুমে নৌকা এবং শুকনো মৌসুমে স্থানীয়ভাবে তৈরি অস্থায়ী বাঁশের সাঁকোর ওপর নির্ভর করতে হয় তাঁদের।
এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন স্কুল-কলেজের শিক্ষার্থী, গর্ভবতী নারী, অসুস্থ রোগী ও কৃষকরা। নির্দিষ্ট সময়ে নৌকা না পাওয়ায় অনেক সময় শিক্ষার্থীরা বিদ্যালয়ে পৌঁছাতে পারে না। আবার বর্ষায় নদীর পানি বেড়ে গেলে নৌকায় পারাপারও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।অতীতে এই ঘাটে নৌকাডুবির ঘটনাও ঘটেছে বলে জানান স্থানীয়রা। ফলে প্রতিদিন নদী পারাপারে দুর্ঘটনার আশঙ্কা নিয়ে চলাচল করতে হচ্ছে তাঁদের।
এ বিষয়ে পাল্টাপুর ইউনিয়ন বিএনপির নেতা শফিউল আলম শাফু বলেন, দীর্ঘদিনের এই সমস্যায় নদীর দুই পাড়ের সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে রয়েছেন। গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের জরুরি প্রয়োজনে সময়মতো চিকিৎসকের কাছে নেওয়া কঠিন হয়ে পড়ে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও ব্যাপক সমস্যা হচ্ছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের ব্যবস্থা করা হোক।
রামপুর হাইস্কুলের প্রধান শিক্ষক পরিমল কুমার রায় বলেন, নদীতে সেতু না থাকায় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসা-যাওয়ায় সমস্যা হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে নৌকার ওপর নির্ভর করতে হয়। অনেক সময় নৌকা না পাওয়ায় শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসতে পারে না। আবার নৌকায় পারাপারের সময় দুর্ঘটনার ঝুঁকিও রয়েছে। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে এখানে দ্রুত একটি সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।
এলাকাবাসী জানান, শুধু শিক্ষার্থী কিংবা সাধারণ মানুষের যাতায়াতই নয়, নদীর দুই পাড়ের কৃষকদের কৃষিপণ্য পরিবহন ও দৈনন্দিন কৃষিকাজেও সেতুর অভাবে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। একটি স্থায়ী সেতু নির্মিত হলে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।
তাই জনদুর্ভোগ লাঘব এবং দুই উপজেলার মানুষের নিরাপদ যোগাযোগব্যবস্থা নিশ্চিত করতে ঢেপা নদীর ওই স্থানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।
![]()







