- - -

হযরত শাহসুফি সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) — চট্টগ্রামের আধ্যাত্মিক বাতিঘর

Print News

হযরত শাহসুফি সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) — চট্টগ্রামের আধ্যাত্মিক বাতিঘর
——————————————–
সোহেল মো. ফখরুদ-দীন
———————————————–
বাংলা ও উপমহাদেশের ইসলামি ইতিহাসে যাঁরা দ্বীনের আলোকবর্তিকা হিসেবে চিরস্মরণীয় হয়ে আছেন, তাঁদের অন্যতম একজন হলেন হযরত শাহসুফি সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:)। তিনি ছিলেন একজন প্রাজ্ঞ আলেমে দ্বীন, সুফি সাধক, আধ্যাত্মিক গুণে সমৃদ্ধ মনীষী এবং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রতি গভীর ভালোবাসায় উদ্দীপ্ত এক আশেকে রাসুল। তাঁর জীবন ও কর্ম যুগে যুগে ধর্মপ্রাণ মুসলমানদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয় পথপ্রদর্শক হয়ে আছে।
হযরত শাহসুফি সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের ডোংরা (ডুমরা) গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পরিবারটি ছিল ধর্মপ্রাণ ও জ্ঞানচর্চায় আগ্রহী। শৈশবকাল থেকেই তাঁর মাঝে জ্ঞানার্জনের এক অদম্য স্পৃহা দেখা দেয়। এই আগ্রহ তাঁকে নিয়ে যায় উত্তর ভারতে, যেখানে তিনি ইসলামী জ্ঞান-বিজ্ঞান ও সুফিবাদের উপর উচ্চতর শিক্ষা লাভ করেন। তাঁর গভীর পাণ্ডিত্য ও আধ্যাত্মিক সাধনার পরিচয় তিনি সেখানে নিজ গুণেই ছড়িয়ে দেন।
তিনি ছিলেন একাধারে আলেম, ভাষাবিদ এবং এক অসাধারণ বাগ্মী। তাঁর কথায় থাকত অন্তর স্পর্শ করার মতো ক্ষমতা, যা মানুষকে আল্লাহ ও রাসুলের প্রতি আকৃষ্ট করত। তিনি ইসলামের দাওয়াত ও ত্বরীক্বতের শিক্ষাকে ছড়িয়ে দিতে আত্মনিবেদিত ছিলেন। হযরত শাহসুফি ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) ছিলেন সাতকানিয়া উপজেলার প্রখ্যাত মীর্জাখিল দরবার শরীফের শাহ ছাহেব কেলায়ে আলম জাঁহাগীর (রাহ:) এর একজন ঘনিষ্ঠ মুরিদ। মুর্শিদের দীক্ষায় তিনি আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উৎকর্ষ অর্জন করেন এবং নিজেও বহু অনুসারীকে ত্বরীক্বতের পথে দীক্ষিত করেন।
চট্টগ্রাম, বাংলাদেশ ও উপমহাদেশের বিভিন্ন অঞ্চলে তাঁর দাওয়াতি কার্যক্রম ও আধ্যাত্মিক শিক্ষার প্রভাব ছিল গভীর ও সুদূরপ্রসারী। তিনি ইসলামী সংস্কার ও সমাজসেবা মূলক কার্যক্রমেও ছিলেন অনন্য। তাঁর জীবন ও কর্মের মাধ্যমে তিনি সমাজে নৈতিকতা, আত্মশুদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠা করতে সচেষ্ট ছিলেন। তাঁর নিরহংকার জীবনাচার ও দীপ্তিময় চরিত্র আজো মানুষকে আলো দেখায়।
হযরত শাহসুফি সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) এর ইন্তেকালের পর তাঁর মাজার শরীফ বাঁশখালীর ডোংরা গ্রামে অবস্থিত। এই মাজার আজও আধ্যাত্মিক পিপাসুদের জন্য এক পবিত্র তীর্থস্থান, যেখানে এসে মানুষ পরিতৃপ্তি, প্রশান্তি ও আল্লাহর নৈকট্য লাভের আশায় আসে।
হযরত ঈমাম শেরে বাংলা সৈয়দ আজিজুল হক আল কাদেরী (রাহ:) তাঁর ফার্সি ভাষায় রচিত প্রসিদ্ধ গ্রন্থ দিওয়ান-ই-আযীয–এ হযরত ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) সম্পর্কে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে লিখেছেন:
“যুগের সূফী, আরিফদের স্মৃতিস্মারক, ত্বরীক্বতপন্থীদের আদর্শ, ফয়য-বরকতের উৎস, কাশফ ও কারামতের ভান্ডার, কামালাতের খনি, চট্টগ্রামের বাঁশখালীর ডুমরা নিবাসী হযরত শাহ সুফী সেফাতুল্লাহ’র প্রশংসায়। তাঁর উপর তাঁর স্রষ্টা ও রবের রহমত বর্ষিত হোক।”
তাঁর সন্তান মাওলানা সিদ্দীক্ব আহমদ সম্পর্কেও হযরত শেরে বাংলা (রাহ:) অকুণ্ঠ প্রশংসা করেছেন: “নি:সন্দেহে তাঁর পুত্র হলেন তলোয়ারে বাংলা, হে আল্লাহ তাঁকেও অমর করে রাখুন যতদিন এ জাহান স্থায়ী থাকে।”
হযরত সৈয়দ ছিফত উল্লাহ চাটগাঁমী (রাহ:) ছিলেন এমন এক মহামানব যাঁর জীবনী আমাদের শিক্ষা দেয় আত্মশুদ্ধি, আল্লাহর প্রেম, এবং মানবসেবার পথ। যুগ বদলালেও তাঁর আদর্শ চিরভাস্বর থাকবে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে। তাঁর জন্ম মৃত্যুর তারিখ আজোও আমার কাছে অজানা।
তথ্যের জন্য ঋন স্বীকার – ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিম, হযরত ঈমাম শেরে বাংলা – সৈয়দ মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী ( রাহ:), মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান ( মু.জি.আ.), লেখক গবেষক এস এম ওসমান, অধ্যাপক ডা.এস এম নুরুল আলম।
——
লেখক: সোহেল মো. ফখরুদ-দীন, সভাপতি, মুসলিম হিস্ট্রি এসোসিয়েশন, বাংলাদেশ, সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র ( সিএইচআরসি ), বাংলাদেশ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa