- - -

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলা: কক্সবাজার থেকে ৬০ বছর বয়সী আসামি গ্রেপ্তার

img 20261026 wa0254
Print News

সোনারগাঁওয়ে যুবদল নেতা হত্যা মামলা: কক্সবাজার থেকে ৬০ বছর বয়সী আসামি গ্রেপ্তার

 

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার অন্যতম এজাহারনামীয় পলাতক আসামি কবির হোসেনকে (৬০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৫, সিপিএসসি কক্সবাজার এবং এসআরবি-১১, সদর কোম্পানি নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

এসআরবি-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার চর কিশোরগঞ্জ এলাকায় হত্যাকাণ্ডের শিকার হন জহির ফকির (৪৫)। তিনি আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

মামলার এজাহার অনুযায়ী, চর কিশোরগঞ্জে নিজের ফার্মেসি বন্ধ করে বাড়ি ফেরার পথে জহির ফকিরের ওপর হামলা চালায় একদল সশস্ত্র দুর্বৃত্ত। এ সময় ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলার পর অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যান বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার শহরের কলাতলী বিচ এলাকায় অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের খালিয়ারচর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত মোমতাজ উদ্দিন।

গ্রেপ্তার কবির হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজারের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa