
মা ইলিশ রক্ষায় নদী ও উপকূলে কোস্ট গার্ডের অভিযান
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদী ও সমুদ্র উপকূলে অভিযান, টহল এবং জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোন। সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে নিয়মিত নজরদারির পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ ও নিরাপদ প্রজনন নিশ্চিত করতে গত ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ, মজুত, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ রয়েছে।
এ নিষেধাজ্ঞা কার্যকর করতে কোস্ট গার্ড পূর্ব জোনের আওতাধীন এলাকায় নিয়মিত টহল ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
জেলেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি জেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে অভিযান পরিচালনা করছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, মা ইলিশ সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যতে ইলিশের উৎপাদন ও প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। এ জন্য সংশ্লিষ্ট সবাইকে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা লঙ্ঘন কিংবা মা ইলিশ সংরক্ষণবিরোধী কর্মকাণ্ডের তথ্য জানাতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
![]()









