
উখিয়ায় ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি জসিম উদ্দিনকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৫-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার ৩ নম্বর হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।
অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
![]()









