
বিলুপ্তপ্রায় খেজুর-ঔষধি গাছের চারা রোপণ-বিতরণ ও
পরিবেশ সংরক্ষণ প্রচারণা ক্যাম্পিং
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসটি জাতিসংঘের অধীনস্থ বিশ্বের বিভিন্ন দেশ এবং আমাদের বাংলাদেশও অত্যন্ত গুরুত্ব সহকারে পালন করে আসছে। বাংলাদেশ অন্যান্য দেশের চেয়েও পরিবেশ ও জলবায়ু চরম সংকটের মুখে। তাই এই দিবসটি বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্ব বহন করে। এই দিবসের অংশবিশেষ বর্ষব্যাপী মানুষকে সচেতনতা-বৃক্ষ রোপণে আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে এবং পরিবেশ রক্ষায় দায়িত্ববোধ সৃষ্টির তাগিদে ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ভোরের আওয়াজ, দৈনিক আমার প্রাণের বাংলাদেশ, চট্টগ্রামের অনলাইন দৈনিক আনন্দবার্তা এবং জাতীয় পরিবেশ বিষয়ক সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের উদ্যোগে গতকাল ২৫ জুলাই, শুক্রবার, বিকেলে বোয়ালখালী উপজেলাধীন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফ প্রাঙ্গণে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে লিফলেট বিতরণ, ১০০০টি বিলুপ্তপ্রায় খেজুর ও ঔষধি-বনজ-ফলজ গাছের চারা বিতরণ এবং দরবার শরীফ প্রাঙ্গণে খেজুর চারা ও ঔষধি-বনজ-ফলজ চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ (ম.জি.আ)।
পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স ম জিয়াউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরণদ্বীপ হারবাংগিরী দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন, আওলাদে গাউছে মাইজভাণ্ডারী শাহসুফি সৈয়দ রহমান মিঞা (ম.জি.আ), মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ ১৪নং বাগোয়ান ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. জেবর মুল্লুক মাইজভাণ্ডারী, হযরত হারবাংগিরী দরবার শরীফ শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ কুতুব উদ্দিন রেজভী (ম.জি.আ)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বিশিষ্ট পরিবেশ সংগঠক ও বৃক্ষপ্রেমী মাসুদ রানা।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পবিত্র কুরআন শরীফেও মহান আল্লাহ তায়ালা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা ও গুরুত্বের কথা বলেছেন। এছাড়াও নূরের নবীও বৃক্ষপ্রেমী ছিলেন। তিনি সব সময় বিশেষ করে খেজুর গাছ এবং নানা ধরনের ফল-ফুলের গাছ রোপণ করতেন ও পরিচর্যা করতেন। নবী করিম (স.) সব সময় সাহাবীদেরকে বৃক্ষরোপণে উৎসাহ জোগাতেন। এছাড়াও তিনি বলেন, বৃক্ষরোপণ একটি ছদকায়ে জারিয়া। বৃক্ষরোপণের কাজটি আমরা যত বেশি করা সম্ভব হবে, তাতে একদিকে সওয়াবের পাল্লা ভারী হবে, অন্যদিকে পরিবেশেরও উন্নয়ন হবে। তিনি দরবারের সকল ভক্ত-আশেকানদের বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য আকতার হোসেন নেজামী, মোহাম্মদ মুজিবুর রহমান, মোহাম্মদ মিনহাজুর রহমান, মো. নুরুল ইসলাম, মো. আবদুল মান্নান, মো. আসিফ, মো. মোসলেম উদ্দিন, মো. আশরাফুর রহমান, মোহাম্মদ আরিফ, জাওয়াদুল করিম প্রমুখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রধান অতিথি পীরজাদা মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ মিঞা শাহ (ম.জি.আ) দরবারে আগত ভক্ত-আশেকানদের মাঝে চারা বিতরণ করেন এবং মাজারের সামনে একটি আমড়া চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
![]()









