- - -

বঙ্গবন্ধুর কারাজীবন: ত্যাগের মহাকাব্য ও শোকের আগস্ট

Print News

বঙ্গবন্ধুর কারাজীবন: ত্যাগের মহাকাব্য ও শোকের আগস্ট

-মো.কামাল উদ্দিন

এই লেখা ইতিহাসের একটি অংশ- একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে, এই স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। হাজারো শেখ হাসিনা আসবে, যাবে—কিছুই আসে যায় না। কিন্তু ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিরকাল অমর। আজ কেউ কেউ হয়তো অসংগত কারণে তাঁর কথা বলছেন না, বা বলার সাহস করছেন না। কিন্তু বঙ্গবন্ধু কোনো একটি পরিবারের নয়—তিনি সারা জাতির। তাঁকে বাদ দিয়ে আমরা কখনো ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ লিখতে পারব না।
আমরা ভুলে গেলে চলবে না—তাঁর জীবনের ত্যাগের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি। শেখ হাসিনার ভুলের কারণে আজ সমগ্র বাংলাদেশের মানুষ মূল্য দিচ্ছে। তবে সত্য হলো—১৫ আগস্টের স্মরণ মানে শুধু রাজনৈতিক আনুগত্য নয়; এটি আমাদের জাতীয় স্মৃতি ও আত্মপরিচয়ের অংশ।
আমি আজ এই লেখায় ১৫ আগস্টকে শ্রদ্ধার সাথে স্মরণ করে বিবেকতাড়িত কিছু কথা লিখতে বসেছি। হয়তো এই লেখার জন্য আমি বিপদের মুখোমুখি হতে পারি, তবুও এই লেখা শেখ হাসিনার পক্ষে নয়—এটি বাঙালি জাতির জন্য লেখা।
শোকের দিন, ত্যাগের স্মৃতি
১৫ আগস্ট—শোকের দিন, ইতিহাসের কালো অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে পাকিস্তানি শাসকের কারাগার পেরিয়ে স্বাধীনতার স্বপ্ন পূর্ণ করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আমরা যখন তাঁর হত্যার নির্মমতা স্মরণ করি, তখন তাঁর জীবনের সেই সোনালী অথচ কষ্টময় সময়গুলোও মনে রাখা প্রয়োজন—যেখানে তিনি জাতির মুক্তির জন্য জীবনের সেরা দিনগুলো কাটিয়েছেন অন্ধকার কারাগারে।
বাংলাদেশের স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন মানেই গ্রেফতার, মামলা আর কারাজীবন। পাকিস্তান রাষ্ট্রের ২৪ বছরের মধ্যে প্রায় পুরো রাজনৈতিক জীবন তিনি কাটিয়েছেন বন্দিদশায়। জীবনের অন্তত ২১টি ভিন্ন সময়ে, কখনো কয়েক দিন, কখনো মাসের পর মাস, কখনো বছরব্যাপী তিনি কারাগারে ছিলেন। সর্বমোট ১৩ বছর ৪ মাস তিনি কাটিয়েছেন শৃঙ্খলিত অবস্থায়—কিন্তু এই সময় তিনি অপচয় করেননি; বরং জাতির জন্য ত্যাগের মহিমায় ভরিয়ে তুলেছেন।
সংক্ষিপ্ত সময়রেখা: বঙ্গবন্ধুর কারাজীবন-১৯৩৮: প্রথম গ্রেফতার, ৭ দিন। ১৯৪৮: ভাষা আন্দোলনের প্রাক্কালে মার্চ ১১–১৫, ৫ দিন-
১৯৪৮-১৯৪৯: ১১ সেপ্টেম্বর–২১ জানুয়ারি, ৫ মাস। ১৯৪৯: এপ্রিল–জুলাই, ৪ মাস। ১৯৪৯: সেপ্টেম্বর–অক্টোবর, ২ মাস। ১৯৫০-১৯৫২: জানুয়ারি–২৬ ফেব্রুয়ারি, ২ বছর ২ মাস (ভাষা আন্দোলনের সময়)। ১৯৫৪: মে–২৩ ডিসেম্বর, ৮ মাস। ১৯৫৮-১৯৬১: ১১ অক্টোবর–৭ ডিসেম্বর, ৩ বছর ৩ মাস (মার্শাল ল’-পরবর্তী সময়)। ১৯৬২: ৬ জানুয়ারি–১৮ জুন, ৬ মাস। ১৯৬৪-১৯৬৫: মার্চ–বছরের শেষ, ১ বছর ১০ মাস।
১৯৬৬: আটবার গ্রেফতার, মোট ৩ মাস।
১৯৬৬-১৯৬৯: ৮ মে–২২ ফেব্রুয়ারি, ২ বছর ১০ মাস (আগরতলা ষড়যন্ত্র মামলা)।
১৯৭১-১৯৭২: ২২ মার্চ–৮ জানুয়ারি, ১১ মাস (স্বাধীনতার প্রাক্কালে পাকিস্তানের কারাগারে)। কারাগারের দেয়ালের ভেতরে, মুক্তির স্বপ্ন
বঙ্গবন্ধুর কারাজীবনের প্রতিটি দিন ছিল জাতির জন্য একেকটি সংগ্রামের গল্প। পরিবার থেকে বিচ্ছিন্ন, অসুস্থতা ও অস্বস্তির মধ্যে থেকেও তিনি হার মানেননি। পাকিস্তানি কারাগারে ১৯৭১ সালের দিনগুলো ছিল তাঁর জীবনের সবচেয়ে ভয়াবহ সময়—যখন তিনি জানতেন, যেকোনো মুহূর্তে মৃত্যুদণ্ড হতে পারে। তবুও তিনি মাথা নত করেননি, আপস করেননি।
তাঁর ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও শেখ হাসিনার আমার পিতা বইয়ে আমরা দেখি—কারাগারের চার দেয়ালও তাঁর মনোবল ভাঙতে পারেনি। বরং সেখানেই তিনি জাতির মুক্তির পরিকল্পনা করেছেন, সংগ্রামের পথরেখা এঁকেছেন।
আমাদের দায়িত্ব-১৫ আগস্টে আমরা কেবল শোক পালন করব না, আমরা তাঁর ত্যাগের মূল্যায়ন করব। জাতির পিতা নিজের জীবনের সোনালী সময়গুলো বিলিয়ে দিয়েছিলেন জনগণের মুক্তির জন্য। আজ আমাদের দায়িত্ব সেই ত্যাগের মর্যাদা রক্ষা করা।
বঙ্গবন্ধুর কারাজীবন শুধু ইতিহাস নয়—এটি জাতির আত্মত্যাগের পাঠশালা। আজ আমরা বলি—আপনি ছিলেন আমাদের স্বাধীনতার পথপ্রদর্শক, ত্যাগের অবিনশ্বর প্রতীক। আপনার ত্যাগের ঋণ শোধ করার সাধ্য আমাদের নেই, তবে স্মৃতি ও শ্রদ্ধায় আপনাকে চিরকাল বাঁচিয়ে রাখব।
শোকের আগস্ট: কবিতা
আগস্ট এলেই বাতাসে রক্তের গন্ধ,
বঙ্গবন্ধুর গর্জন মুছে যায় বন্দুকের শব্দে।
রাসেলের চোখে তখন ভয়,
মায়ের বুক ছিঁড়ে নেয়া আহাজারি,
সবই মিশে যায় এক কালো রাত্রির অন্তহীন শোকে।
কারাগারের দেয়ালে লেখা ত্যাগের গল্প,
যে গল্পে ছিলো মুক্তির স্বপ্ন,
যে স্বপ্নে ছিলো একটি লাল-সবুজ ভোর।
কিন্তু আগস্ট এসে আবার ছিঁড়ে নিলো সেই ভোরের রঙ,
রেখে গেল শুধু কান্না আর প্রতিজ্ঞা—
তোমায় ভুলবো না, বঙ্গবন্ধু।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa