
কুতুবদিয়ায় পাঁচ মাস ধরে পরিষদে নেই দুই ইউপি চেয়ারম্যান
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলায় দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দীর্ঘ সময় ধরে পরিষদে অনুপস্থিত রয়েছেন। তাঁরা হলেন কৈয়ারবিল ইউনিয়নের মোহাম্মদ আজমগীর মাতবর এবং আলী আকবর ডেইল ইউনিয়নের মো. জাহাঙ্গীর সিকদার। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলমান ‘ডেবিল হান্ট’ অভিযানের পর থেকেই তাঁরা পরিষদের কার্যক্রম থেকে নিজেকে সরিয়ে রেখেছেন।
কৈয়ারবিল ইউপির প্যানেল চেয়ারম্যান শফিউল আলম জানান, চেয়ারম্যান আজমগীর মাতবর গত ৮ ফেব্রুয়ারি থেকে পরিষদে অনুপস্থিত। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) রেজ্যুলেশনের মাধ্যমে অবহিত করা হয়েছে। ভারপ্রাপ্ত হিসেবে কোনো প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দিলে পরিষদের আর্থিক কার্যক্রম ও গ্রাম আদালত সচল রাখা সম্ভব হতো বলে জানান তিনি।
আলী আকবর ডেইল ইউপির প্যানেল চেয়ারম্যান আকতার কামাল সিকদার বলেন, চেয়ারম্যান মো. জাহাঙ্গীর সিকদার চার মাসের বেশি সময় ধরে পরিষদে আসেন না। তবে জরুরি প্রয়োজনে তিনি চট্টগ্রামে গিয়ে স্বাক্ষর করে আনেন। তিনি কিছুটা অসুস্থ বলেও জানান।
তথ্য অনুসন্ধানে জানা যায়, আজমগীর মাতবর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবরের ছোট ভাই। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে তিনি জামিনে রয়েছেন। এদিকে চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদারও আলী আকবর ডেইল ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং তিনিও জামিনে মুক্ত রয়েছেন।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন বলেন, উভয় চেয়ারম্যানের বিরুদ্ধে বর্তমানে থানায় কোনো গ্রেপ্তারি পরোয়ানা নেই।
এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, পরিষদ থেকে লিখিতভাবে জানানো হয়েছে যে দুই চেয়ারম্যান দীর্ঘদিন ধরে অনুপস্থিত। বিষয়টি জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন জেলা প্রশাসক।
স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পর্যায়ে সেবা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। দ্রুত প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ না করলে জনভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
![]()









