
নরসিংদীতে রাব্বিকে পেট্রোল ঢেলে আগুন: নিরালার মালিক জাহাঙ্গীর সরকার গ্রেপ্তার
নরসিংদী শহরের লাইব্রেরি পট্টিতে মদের দোকানের ক্যাশিয়ার তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় মামলার এজাহারভুক্ত প্রধান আসামি জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে নরসিংদী শহরের বানিয়াছল বালুরমাঠ এলাকার একটি তিনতলা ভবনের বেজমেন্টের গ্যারেজে একটি মুরগির ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ।
গ্রেপ্তারকৃত, জাহাঙ্গীর সরকার (৬০) মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি। তিনি পৌর শহরের আবাসিক হোটেল নিরালার মালিক বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর দুপুরে লাইব্রেরি পট্টির একটি লাইসেন্সকৃত দেশীয় মদের দোকানের কর্মচারী তানভীর আহমেদ রাব্বীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে। এতে তিনি গুরুতর দগ্ধ হন।
পুলিশ জানায়, এ ঘটনায় রাব্বীর মা মিনু বেগম বাদী হয়ে ২১ সেপ্টেম্বর রাতে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলায় জাহাঙ্গীর সরকার ও তার ছেলে জাহিদ সরকার এবং অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়। মামলা নং- দণ্ডবিধির ৩২৬, ৩০৭ ও ৩৪ ধারা।
পুলিশ আরো জানায় মামলার এজাহার অনুযায়ী, ঘটনার আগে জাহাঙ্গীর সরকার ওই মদের দোকানে গিয়ে ১০ লিটার মদ বিনামূল্যে দাবি করেন। দোকানের কর্মচারীরা তা দিতে অস্বীকৃতি জানালে তিনি জোরপূর্বক মদ নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে। পরে তার ছেলে জাহিদ সরকার সহযোগীদের নিয়ে দোকানে ফিরে এসে তানভীরের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হচ্ছে বলে জানান পুলিশ।
উল্লেখ্য, পুলিশ জানায় মামলা হওয়ার পর আসামিদের গ্রেফতারে নরসিংদী মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল অভিযান শুরু করে। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জাহিদ সরকারের এক সহযোগী কাজী তৌফিক আহমেদ পিয়াসকে শনাক্ত করে গ্রেপ্তার করে।
এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জাহাঙ্গীর সরকারকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে জেলা পুলিশ।
পুলিশ বলেন, মামলার অপর আসামি জাহিদ সরকারসহ অজ্ঞাতনামা অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।
অন্যদিকে, আসামিদের গ্রেফতার ও বিচারের দাবিতে ২৩ সেপ্টেম্বর নরসিংদী পৌরসভার মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেটি একপর্যায়ে মিছিলে রূপ নেয়। ওই সময় জাহাঙ্গীর সরকার পরিচালিত নিরালা আবাসিক হোটেলে ভাঙচুরের ঘটনাও ঘটে বলে জানা যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নিতে তদন্ত চলছে বলে জানান পুলিশ।
গ্রেপ্তারকৃত, জাহাঙ্গীর সরকারকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, অগ্নিদগ্ধ তানভীর আহমেদ রাব্বী ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
মামলার তদন্ত এবং অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানা পুলিশ।
![]()









