- - -

দখল ও দূষণে অস্তিত্বসংকটে চট্টগ্রামের শেরশাহ কলোনি দিঘি, উদ্ধারে প্রশাসনের উদ্যোগের দাবি

img 20261116 wa0034
Print News

দখল ও দূষণে অস্তিত্বসংকটে চট্টগ্রামের শেরশাহ কলোনি দিঘি, উদ্ধারে প্রশাসনের উদ্যোগের দাবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনি এলাকায় গণপূর্ত বিভাগের মালিকানাধীন ঐতিহ্যবাহী দিঘিটি দখল ও ভরাটের কারণে অস্তিত্বসংকটে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দিঘির চারপাশ দখল করে বিভিন্ন স্থাপনা ও ভাড়া বাড়ি নির্মাণ করা হয়েছে। এতে একসময়ের বিশাল জলাধারটি সংকুচিত হয়ে পড়েছে। দিঘিটি উদ্ধারে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী ও পরিবেশকর্মীরা। তবে অভিযোগ রয়েছে, বারবার আবেদন-নিবেদন করেও কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।

একসময় ছিল এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও পানির অন্যতম উৎস এই দীঘি কিন্তু আজ অস্তিত্ব বিলীন হয়ে গেছে প্রায়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, শেরশাহ কলোনি ও দিঘিরপাড় এলাকার মানুষের কাছে দিঘিটি ছিল গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। একসময় এলাকার বাসিন্দারা এখানে গোসল করতেন, শিশু-কিশোরেরা সাঁতার শিখত এবং অবসর সময়ে বিনোদন উপভোগ করত। পাশাপাশি দৈনন্দিন পানির চাহিদা পূরণ এবং অগ্নিকাণ্ডের সময় পানি সংগ্রহের ক্ষেত্রেও দিঘিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত।
কিন্তু দখল ও ভরাটের কারণে সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। স্থানীয়দের অভিযোগ, দিঘির চারপাশে এমনভাবে স্থাপনা নির্মাণ করা হয়েছে যে বাইরে থেকে এর অস্তিত্ব সহজে বোঝা যায় না।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ ডিসেম্বর সকাল ৮টার দিকে দিঘিরপাড় কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সে সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পানির উৎস খুঁজতে গিয়ে গুগল ম্যাপে দিঘির অবস্থান দেখতে পেলেও বাস্তবে সেখানে পর্যাপ্ত পানির উৎস খুঁজে পাননি বলে অভিযোগ রয়েছে। দখলদারদের স্থাপনার মাঝখানে ছোট একটি ডোবা থাকলেও সেখান থেকে পানি সংগ্রহ করতে ব্যর্থ হন তাঁরা।
স্থানীয়দের মতে, ঘটনাটি দিঘি দখল ও ভরাটের ফলে জরুরি পরিস্থিতিতে পানি ব্যবস্থাপনায় কী ধরনের সমস্যা তৈরি হতে পারে, তার একটি উদ্বেগজনক উদাহরণ।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, “একসময় এই দিঘিকে ঘিরে শেরশাহ ও দিঘিরপাড় এলাকার মানুষের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছিল। মানুষ এখানে গোসল করত, ছেলেরা সাঁতার শিখত। সেই ঐতিহ্যবাহী সরকারি দিঘিটি আজ দখল ও ভরাটের কারণে ধ্বংসের মুখে।”

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী, নির্ধারিত প্রাকৃতিক জলাধার বেআইনিভাবে ভরাট এবং এর শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে বিধিনিষেধ রয়েছে। প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৫ ধারায় নির্ধারিত জলাধারের শ্রেণি পরিবর্তন বা অন্যভাবে ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। আইনটির ৮ ও ১২ ধারায় বিধান লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তির ব্যবস্থাও উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এবং সংশ্লিষ্ট সংশোধনী ও বিধিবিধানের আলোকে জলাধার সংরক্ষণের বিষয়টি গুরুত্বপূর্ণ। ২০০০ সালের ২২ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের তৎকালীন মুখ্যসচিবের স্বাক্ষরিত একটি অফিস আদেশেও খাল-বিল, নদী-নালা, পুকুর ও প্রাকৃতিক জলাশয়ের স্বাভাবিক গতি ও প্রকৃতি পরিবর্তন না করার নির্দেশনা দেওয়া হয়েছিল বলে জানা যায়।
এ অবস্থায় শেরশাহ কলোনির দিঘিটির মালিকানা, সীমানা, বর্তমান শ্রেণি এবং দখল-ভরাটের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিন ধরেই দিঘিটি উদ্ধারের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, দখলদারদের প্রভাবের কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে ভয় পান। আবার কেউ কেউ আন্দোলন-সংগ্রাম করেছেন এবং গণপূর্ত বিভাগে একাধিকবার অভিযোগও দিয়েছেন। তারপরও দিঘিটি উদ্ধারে দৃশ্যমান অগ্রগতি হয়নি বলে দাবি তাঁদের।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি সম্পত্তি হিসেবে পরিচিত এই দিঘি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কোথায়? অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জলাধারটির সীমানা পুনরুদ্ধারে গণপূর্ত বিভাগ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।

দিঘি উদ্ধারে আইনি পদক্ষেপের ঘোষণা বেলার
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), চট্টগ্রামের সমন্বয়ক মুনীরা পারভীন বলেন, “দীর্ঘদিন ধরে দিঘিটি দখল ও ভরাট হচ্ছে। গণপূর্ত বিভাগ এ বিষয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে চলেছে। জনগণের এই সম্পদ রক্ষা করা তাদের দায়িত্ব।”
তিনি আরও বলেন, “অচিরেই দিঘির অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা যথাসময়ে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে আইনগত উদ্যোগ নেওয়া হবে।”

পরিবেশবাদী সংগঠন ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্কের নির্বাহী পরিচালক সাংবাদিক মুজিব উল্ল্যাহ্ চৌধুরী তুষার বলেন, “আমরা সরেজমিনে দিঘিটি পরিদর্শন করেছি। চারদিক থেকে এমনভাবে দখল ও ভরাট করা হয়েছে যে এখানে দিঘির অস্তিত্ব খুঁজে পাওয়াই কঠিন।”
তিনি বলেন, দিঘিটি উদ্ধার করা গেলে এলাকার পরিবেশের চিত্র বদলে যাবে। এলাকাবাসী দিঘি উদ্ধারে ঐক্যবদ্ধ হলেও দখলদারদের প্রভাবের কারণে তাঁরা অসহায় বোধ করছেন। দীর্ঘদিন ধরে দিঘিটি দখলমুক্ত না হওয়ার কারণও তিনি বুঝতে পারছেন না বলে জানান।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের নির্বাহী পরিচালক বলেন, “আমি বিষয়টি সম্পর্কে অবগত। দ্রুত সময়ের মধ্যে দিঘিরপাড়ের চারপাশের অবৈধ দখলদারদের উচ্ছেদে ব্যবস্থা নেব।”
তবে কবে নাগাদ উচ্ছেদ অভিযান শুরু হবে এবং দিঘিটির সম্পূর্ণ সীমানা পুনরুদ্ধারে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা ও পরিবেশকর্মীদের মতে, শেরশাহ কলোনি দিঘি কেবল একটি জলাধার নয়; এটি এলাকার পরিবেশ, জনজীবন ও ঐতিহ্যের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ সম্পদ। দিঘিটি পুনরুদ্ধার করা গেলে বৃষ্টির পানি ধারণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জরুরি প্রয়োজনে পানির উৎস নিশ্চিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
তাই দখল ও ভরাটের অভিযোগ তদন্ত, দিঘির সীমানা নির্ধারণ, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং জলাধারটির দীর্ঘমেয়াদি সংরক্ষণে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী ও পরিবেশকর্মীরা। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস দ্রুত বাস্তবে রূপ নেবে এবং ঐতিহ্যবাহী শেরশাহ কলোনি দিঘি ফিরে পাবে তার হারানো অস্তিত্ব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa