
টেকসই বেড়িবাঁধের অভাবে আতঙ্কে উপকূল
২০০৯ সালের ২৫ মে, দিনটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলবাসীর স্মৃতিতে আজও গাঁথা আছে এক ভয়ংকর দুঃস্বপ্ন হিসেবে। সেদিন বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আইলা’ সাতক্ষীরা, খুলনা, বরগুনা, পটুয়াখালীসহ সমগ্র উপকূলীয় জনপদে যে বিপর্যয় নামিয়ে এনেছিল, তা কেবল একটি প্রাকৃতিক দুর্যোগ ছিল না; এটি ছিল দুর্বল অবকাঠামো, পরিকল্পনাহীনতা ও রাষ্ট্রীয় উদাসীনতার ভয়াবহ পরিণতি। মাত্র ১৫ ঘণ্টার মধ্যে ১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসসহ ভয়াবহ বাতাসে উপকূল লণ্ডভণ্ড হয়ে যায়। ভেঙে পড়ে দুর্বল বেড়িবাঁধ, বিস্তীর্ণ গ্রাম প্লাবিত হয় লবণাক্ত জলে। ফসলের মাঠ, মাছের ঘের, বাড়িঘর ভেসে যায়। মারা যায় শিশু, নারী, পুরুষসহ ৭৩ জন; প্রাণ হারায় হাজার হাজার গবাদিপশু। অগণিত মানুষ শরণার্থী হয়ে পড়ে, অনেকেই এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। দুর্ভাগ্যজনকভাবে, ‘আইলা’র ১৬ বছর পরেও উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মাণ হয়নি। কোটি কোটি টাকার প্রকল্পের ঘোষণা এসেছে, কিন্তু বাস্তবায়নে গতি নেই। ফলে প্রতিটি বর্ষা মৌসুম কিংবা ঘূর্ণিঝড়ের সম্ভাবনায় উপকূলবাসীর মনে আতঙ্ক তৈরি হয়। বিশেষ করে সাতক্ষীরার শ্যামনগর, খুলনার কয়রা ও দাকোপ, বাগেরহাটের মোংলা, বরগুনা ও পটুয়াখালীর কিছু অংশ এখনো দুর্বল বেড়িবাঁধের ভরসায় টিকে আছে।উপকূলীয় জনপদে বেড়িবাঁধ শুধু একটি অবকাঠামো নয়Ñএটি মানুষের জীবন, জীবিকা, সংস্কৃতি ও অস্তিত্বের প্রতীক। কৃষি, মৎস্য, পানির নিরাপত্তা এবং মৌলিক আবাসন সুরক্ষার প্রথম ও প্রধান শর্ত এই বাঁধ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের বিরুদ্ধে উপকূলীয় জনগোষ্ঠীকে যে অস্তিত্ব রক্ষার লড়াই চালাতে হয়, তার প্রথম প্রতিরক্ষা হচ্ছে এই বেড়িবাঁধ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বাঁধই এখন সর্বাধিক ঝুঁকিপূর্ণ। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার প্রায় ১৪৬ কিলোমিটার বাঁধের মধ্যে অন্তত ২০ কিলোমিটার বাঁধ সম্পূর্ণ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ২৭টি পয়েন্ট অতি ঝুঁকিপূর্ণÑযেগুলোর যেকোনো একটিতে ধস নামলে পুরো ইউনিয়ন বা উপজেলার একাধিক গ্রাম ডুবে যেতে পারে। ‘ঘূর্ণিঝড় আইলা’ পরবর্তী সময়ে একাধিক প্রকল্প গ্রহণ করা হয়। বিশেষ করে ১ হাজার ২৩ কোটি টাকার ‘সাতক্ষীরা জেলার পোল্ডার নং-১৫ পুনর্বাসন’ প্রকল্প ২০২১ ও ২০২২ সালে অনুমোদিত হয়। প্রকল্পটির কাজ ২০২৪ সালের জুনে শেষ হওয়ার কথা থাকলেও ২০২৫ পর্যন্ত সময় বাড়ানো হয়েছে। এমনকি এই প্রকল্প ছাড়াও আরও একাধিক ছোট প্রকল্প রয়েছে যা এখনো বাস্তবায়নাধীন। সরকারি কর্মকর্তারা দাবি করেন, অনেকাংশে সংস্কার হয়েছে। কিন্তু সরেজমিনে গেলে দেখা যায় ভিন্ন চিত্র। স্থানীয় বাসিন্দা ও জলবায়ুকর্মীরা বলছেন, বর্ষার আগ মুহূর্তে জোয়ারের পানি বাড়লেই তড়িঘড়ি করে শুরু হয় বাঁধ মেরামত। এতে কাজ হয় নিম্নমানের এবং অনেক জায়গা বর্ষার আগেই ধসে পড়ে। বর্তমানে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতি ও বার্ষিক সংখ্যা বাড়ছে। বঙ্গোপসাগরে গড়ে প্রতি বছর ৫ থেকে ৬টি নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, যার একটি বা দুটি সাইক্লোনে রূপ নিচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির পাশাপাশি ঘূর্ণিঝড়ের তীব্রতাও বাড়ছে। ফলে দুর্বল বাঁধ দিয়ে শুধু অতীতের মতো দুর্যোগ প্রতিহত করা সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন, আইলা বা সিডরের মতো সাইক্লোন এখন আরও ভয়ংকর রূপ নিতে পারে। এমন বাস্তবতায় টেকসই বাঁধ না থাকলে উপকূলের ভবিষ্যৎ এক ভয়াবহ দারিদ্র্য-দুঃসময়ের দিকে এগিয়ে যাবে। স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ নির্মাণে প্রকল্প গ্রহণে দীর্ঘসূত্রতা, বরাদ্দ ব্যবহারে অনিয়ম এবং কাজের নিম্নমান পুরো ব্যবস্থাটিকে দুর্বল করে তুলেছে। সময়মতো ঝুঁকিপূর্ণ বাঁধ মেরামত না হওয়ায় অল্প খরচে ভালো কাজ করার সুযোগ হাতছাড়া হয়। তদ্বিপরীত, বর্ষার মুখে বাধ্য হয়ে অতিরিক্ত ব্যয়ে তড়িঘড়ি কাজ করে দায়সারা সংস্কার করা হয়, যা কিছুদিন পরেই আবার ধসে পড়ে।এদিকে স্থানীয় সরকারের পরিকল্পনায় জনগণের অংশগ্রহণ নেই। পাউবো ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়হীনতা প্রকল্প বাস্তবায়নে প্রতিবন্ধকতা তৈরি করছে। যদি অগ্রাধিকার ভিত্তিতে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ চিহ্নিত করে টেকসই বাঁধ নির্মাণ সম্পন্ন করতে হবে। বিলম্বিত মেগা প্রকল্পের পাশাপাশি দ্রুত বাস্তবায়নযোগ্য ছোট প্রকল্প বাড়াতে হবে। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নে স্থানীয় জনগণের মতামত ও অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। বাঁধ কোথায় দরকার, কখন কাজ শুরু হবেÑএসব বিষয়ে স্থানীয়দের সম্পৃক্ততা বৃদ্ধি করলে প্রকল্প টেকসই হবে।স্বচ্ছতা ও জবাবদিহির জন্য স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজ ও জলবায়ুকর্মীদের পর্যবেক্ষণে যুক্ত করতে হবে। প্রকল্প মনিটরিং ও কাজের মান নিশ্চিত করতে নাগরিক পর্যবেক্ষণ একটি কার্যকর উপায়।জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে হবে। বাঁধের উচ্চতা বাড়ানো, বাঁধের দুই পাশে গাছ লাগানো, ইকো-ইঞ্জিনিয়ারিং পদ্ধতি ব্যবহার জরুরি। উপকূলে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, নিরাপদ পানির উৎস, জিও ব্যাগ বাঁধ ও বিকল্প জীবিকা কর্মসূচি বাড়াতে হবে। দুর্যোগ মোকাবিলায় শুধু বাঁধ নয়, মানুষের প্রস্তুতিও প্রয়োজন। ১৬ বছর পরেও উপকূলবাসী জোয়ারের পানির শব্দ শুনলে শিউরে ওঠে। এখনো বাড়ির পাশে ভাঙা বাঁধ দেখে আতঙ্কে রাত কাটে। শিশুদের স্কুলে পাঠাতে ভয় হয়, কারণ পানিতে ডুবে যেতে পারে রাস্তা। কৃষক জানে না সে লবণ পানি পাবে না কি ধান ফলবে। এই অনিশ্চয়তার অবসান চাই। উপকূলবাসী ভিক্ষা নয়, সম্মান ও নিরাপদ জীবনের নিশ্চয়তা চায়। আর সেই নিশ্চয়তা শুরু হতে পারে টেকসই বেড়িবাঁধ দিয়েÑযা শুধু মাটি আর ইটের নয়, বরং প্রতিশ্রুতি, রাজনৈতিক সদিচ্ছা ও পরিকল্পিত উন্নয়নের প্রতীক। ঘূর্ণিঝড় আইলা আমাদের শিক্ষা দিয়েছিলÑউপকূল অরক্ষিত থাকলে দেশের নিরাপত্তা থাকে না। এবার সেই শিক্ষার বাস্তব প্রয়োগ হোক। কেবল প্রকল্প নয়, হোক বাস্তবতা।
![]()









