
কুমিল্লায় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির কারিগররা
শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসব হিসেবে পালিত হয়। ঢাকের তালে আর শিউলীর মিষ্টি গন্ধে পুরো দেশে দুর্গাপূজার হাওয়া বইতে থাকে। প্রতিমা শিল্পীর কল্পনায় দেবী দুর্গার অনিন্দ্য সুন্দর রূপ দিতে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেবী তৈরির কারিগরেরা।
সরেজমিনে বিভিন্ন মণ্ডপে ঘুরে দেখা গেছে, খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করছেন প্রতিমা। পূজা যতই ঘনিয়ে আসছে, শিল্পীদের ব্যস্ততা ততটাই বাড়ছে। মন্দিরে কারিগররা ফুটিয়ে তুলছেন দুর্গা, লক্ষী, সরস্বতী, গণেশ-কার্তিক ও অসুরের প্রতিমা। কিছু কিছু মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শেষে শুরু হয়েছে রংয়ের কাজ।
জেলা প্রশাসনের তথ্য মতে কুমিল্লা মহানগরীতে ৫৯টি পূজা মণ্ডপ রয়েছে, আদর্শ সদর উপজেলায় পূজা মণ্ডপ রয়েছে ২৫টি, সদর দক্ষিণ উপজেলায় ৪২টি, লালমাই উপজেলা ১৮টি, বরুড়া উপজেলায় ১০১টি, লাকসাম উপজেলায় ৩৬টি, মনোহরগঞ্জ উপজেলায় ১২টি, নাঙ্গলকোট উপজেলায় ১১টি, চৌদ্দগ্রাম উপজেলায় ২২টি, বুড়িচং উপজেলায় ৪৪টি, ব্রাহ্মণপাড়া উপজেলায় ১৯টি, চান্দিনা উপজেলায় ৭৭টি, দেবিদ্বার উপজেলায় ৯৪টি, দাউদকান্দি উপজেলায় ৪২টি, হোমনা উপজেলায় ৫০টি, মেঘনায় ৯টি এবং তিতাস উপজেলায় ১৪ টি। কুমিল্লায় মোট ৮ শত ২৭টি পূজা মণ্ডপ হবে বলে জানা যায়।
জেলা পূজা উদযাপন সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সঙ্গে মত বিনিময় শেষে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন বলেন, সোস্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে। যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে।
পুলিশ সুপার বলেন, সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে জেলা পুলিশ ৩টা অংশে কাজ করবে। পূজার পূর্বে, পূজা চলাকালীন ও বিসর্জনের সময়। পূজার ভেন্যু কেন্দ্রিক চুরি, ছিনতাই, ইভটিজিং দমনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
৯৫০ জন পুলিশ সদস্য ছোট ছোট টিম করে সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে ফিক্সড পুলিশ স্ট্যান্ড থাকবে।
এছাড়াও ডিবির কুইক রেসপন্স টিম ও সার্বক্ষণিক গোয়েন্দা টিম কাজ করবে। সোস্যাল মিডিয়া মনিটরের জন্য বিশেষ টিম থাকবে, যাতে কেউ গুজব ও অপপ্রচার ছড়াতে না পারে।
পুলিশ সুপার আরও বলেন, এ বছর কুমিল্লায় জেলার ১৭ টি উপজেলায় মোট ৮১৮ টি পূজা মণ্ডপে পূজা হবে। এছাড়াও যেকোনো প্রয়োজনে জেলা পুলিশের সংশ্লিষ্ট নম্বর কিংবা জরুরি সেবা ৯৯৯ ব্যবস্থা রয়েছে।
এ বিষয়ে কুমিল্লা জেলা পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক পিন্কু পাল জানান, কুমিল্লার ১৭ টি উপজেলায় এ বছর ৮২৭টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দূর্গা পূজা। দূর্গা পূজা উপলক্ষে জেলায় সুষ্ঠুভাবে পরিচালনা ও আইনশৃংখলা বিষয়ে সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে।
![]()









