
ওড়িশার পুরীতে গুন্ডিচা মন্দিরের কাছে পদপিষ্ট হয়ে মৃত ৩
ভারতের ওড়িশার পুরীতে রথযাত্রায় ফের চূড়ান্ত অব্যবস্থা। ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ প্রশাসন। এর জেরে ফের পদপিষ্টের পরিস্থিতি। এবার জগন্নাথ দেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের সামনে পদপিষ্ট হয়ে অন্তত ৩ পুণ্যার্থীর মৃত্যুর খবর পাওয়া গেছে। আরও অন্তত ৫০ জন আহত। স্থানীয় পুলিশ প্রশাসন সূত্রে প্রকাশ, রবিবার (২৯ জুন) ভোর সাড়ে ৪ টা থেকেই গুন্ডিচা মন্দিরের কাছে ভিড় জমানো শুরু করেন পুণ্যার্থীরা। রীতি অনুযায়ী রবিবার (২৯ জুন) প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার রথ থেকে মন্দিরে প্রতিষ্ঠিত হওয়ার কথা। তার আগে প্রভু জগন্নাথদেবকে রথে আসীন অবস্থায় দেখার জন্যই হাজার হাজার মানুষ সংকীর্ণ পরিসরে জমায়েত করেন। ওই পরিস্থিতিতে মন্দিরের কাছে রীতি পালনের সামগ্রী ভর্তি গাড়ি এসে পৌঁছলে হুড়োহুড়ি শুরু হয়। ভেঙে যায় ভিড় নিয়ন্ত্রণের জন্য তৈরি ব্যারিকেড। তৈরি হয় পদপিষ্টের মতো পরিস্থিতি। পুলিশ জানিয়েছে, ভোর ৪টা ২০ মিনিটে ওই পদপিষ্টের ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যেই পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের সনাক্ত করা হয়েছে। ৩ জনের নাম, বাসন্তী সাহু, প্রমকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। সকলেই ওড়িশার খুরদা জেলার বাসিন্দা। স্থানীয়দের দাবি, ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করেনি প্রশাসন। পুলিশকর্মীর সংখ্যা ও ছিল অপ্রতুল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন। তিনি, জানিয়েছেন, ” দুর্ঘটনার কারণ জানতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের গাফিলতিতে এই মর্মান্তিক দুর্ঘটনা, তাঁদের কড়া শাস্তি পেতে হবে।”
![]()









