- - -

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু: রাষ্ট্রদূত

Print News

জাপান বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী বন্ধু দেশ উল্লেখ করে দেশটির রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি বলেছেন, জাপান বাংলাদেশের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও বাংলাদেশের উন্নয়নের অংশীদার হিসেবে পাশে থাকবে।
আজ ১৫ অক্টোবর সকাল ১০টায় বগুড়া শহরের সুজাবাদ টিএমএসএস নর্দান রিক্রুটিং এজেন্সি লিমিটেডের আয়োজনে জাপানি ভাষা ও কেয়ারগিভার প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাপানি রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুই দেশের কূটনৈতিক বন্ধুত্বের সৃষ্টি হয়েছে। সরাসরি বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির আরও প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নয়, মানবসম্পদ উন্নয়নও প্রয়োজন। টিএমএসএস দক্ষ মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। দক্ষ মানবসম্পদ কাজে লাগিয়ে টিএমএসএস আরও এগিয়ে যাবে।
বাংলাদেশের সংসদ নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, ‘দেশের জনগণ স্বতন্ত্রভাবে এবং বিরোধী দলসহ সবাই তাদের মতো করে নির্বাচন করবে। জনগণ ভোটের মাধ্যমে পছন্দমতো তাদের প্রতিনিধি বাছাই করবে। তবে ভবিষ্যতে কী ঘটবে সে বিষয়ে আমি নিশ্চিত না। কারণ এটা এ দেশের জনগণই ঠিক করবে।’
অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও নর্দান রিক্রুটিং এজেন্সির চেয়ারম্যান অধ্যাপকা ড. হোসনে আরা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ (শাজাহানপুর-গাবতলী) আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, পিকেএসএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদিক আহমেদ, রাষ্ট্রদূতের ফার্স্ট সেক্রেটারি তাবেই ইয়াসুসি, জাপানিজ প্রতিষ্ঠান মিরাইয়ের সিইও আকিরা ইয়াছুটুমি, বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাউল করিম, জাপানিজ ভাষা প্রশিক্ষক খানা মানাবে, আইসিটি এবং ইনভারমেন্টের সেক্টর প্রধান নিগার সুলতানা প্রমুখ।
টিএমএসএস পরিচালিত জোবেদা ফাউন্ডেশন নার্সিং ইনস্টিটিউট কেন্দ্রে জাপানি প্রতিষ্ঠান মিরাই ও বাংলাদেশের টিএনআরএ যৌথভাবে জাপানি প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ প্রদান করবে। প্রথম ব্যাচে ৩৫ শিক্ষার্থীকে ছয় মাসব্যাপী প্রশিক্ষণ দেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa