
নয় বছরের হাসি-কান্না, ভালোবাসা ও স্মৃতির ইতি! শেষ অধ্যায়ে পৌঁছাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’
কখনো হাসির খোরাক, কখনো আবেগে চোখ ভেজানো, আবার কখনো বন্ধুত্ব ও ভালোবাসার গল্প—দীর্ঘ প্রায় নয় বছর ধরে লাখো দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’ এবার শেষ অধ্যায়ের পথে।
পরিচালক, লেখক ও প্রযোজক কাজল আরেফিন অমির হাত ধরে শুরু হওয়া এই জনপ্রিয় ধারাবাহিকের যাত্রা শুরু হয় ২০১৭ সালের নভেম্বর মাসে। দীর্ঘ পথ পেরিয়ে ২০২৬ সালে এসে শেষ হতে যাচ্ছে দর্শকপ্রিয় এই ধারাবাহিকের গল্প। টেলিভিশনে নাটকটির প্রথম সম্প্রচার হয় ২০১৮ সালের ৪ আগস্ট।
দীর্ঘ এই সময়ে কাবিলা, হাবু, পাশা, নেহাল, আরেফিনসহ একাধিক চরিত্র দর্শকদের কাছে হয়ে উঠেছে পরিবারের সদস্যের মতো। তাদের হাস্যরস, বন্ধুত্ব, মান-অভিমান, প্রেম, বিচ্ছেদ ও জীবনের নানা ঘটনা দর্শকদের আনন্দ দেওয়ার পাশাপাশি তৈরি করেছে অসংখ্য আবেগঘন মুহূর্ত।
পাঁচটি সিজনজুড়ে নাটকটি অর্জন করেছে ব্যাপক জনপ্রিয়তা। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে ‘ব্যাচেলর পয়েন্ট’ শুধু একটি ধারাবাহিক নাটক নয়, বরং দীর্ঘদিনের ভালো লাগা ও স্মৃতির একটি অংশ।
সম্প্রতি প্রকাশিত প্রচারণামূলক পোস্টারে দেখা যাচ্ছে, ‘দ্য লাস্ট চ্যাপ্টার’ বা শেষ অধ্যায়ের ঘোষণা। পঞ্চম সিজনের ১৭তম অধ্যায়ের মধ্য দিয়ে ধারাবাহিকটির সমাপ্তি ঘটতে যাচ্ছে বলে জানা গেছে। শেষ দিনের শুটিংও সম্পন্ন হয়েছে ৯ নভেম্বর ২০২৬।
নাটকটির শেষ অধ্যায়ের খবর ছড়িয়ে পড়তেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আবেগ ও কৌতূহল। প্রিয় চরিত্রগুলোকে আর নতুন গল্পে একসঙ্গে দেখা যাবে না—এই ভাবনাই অনেক দর্শকের মনে তৈরি করছে এক অজানা শূন্যতা।
নয় বছরের পথচলা, অসংখ্য গল্প, হাজারো হাসি আর আবেগঘন মুহূর্তের পর্দা নামতে যাচ্ছে।
হয়তো সত্যিই এটাই শেষ দেখা, শেষবারের মতো একসঙ্গে দেখা হবে প্রিয় মানুষগুলোর। তবে নাটকের পর্দায় গল্প শেষ হলেও দর্শকদের হৃদয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’ বেঁচে থাকবে স্মৃতি হয়ে।
ব্যাচেলর পয়েন্ট শেষ হতে পারে, কিন্তু কাবিলা-হাবু-পাশাদের স্মৃতি কি কখনো শেষ হবে?
![]()








