
নির্ভুল তথ্যে প্রকৃত সুবিধাভোগী নিশ্চিত করতে রাজারহাটে ফ্যামিলি কার্ড প্রশিক্ষণ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকালে রাজারহাট অফিসার্স ক্লাবে উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণে তথ্য সংগ্রহের নির্ধারিত পদ্ধতি, ডিজিটাল এন্ট্রি, যাচাই, তত্ত্বাবধান ও প্রতিবেদন প্রণয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ ববিতা খাতুন, উপজেলা মৎস্য অফিসার এরশাদুল হক, কৃষি অফিসার তুষার কান্তি রায়, প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রহমত আলী, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম বলেন, “ফ্যামিলি কার্ড শুধু একটি কার্ড নয়; এটি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সঙ্গে প্রান্তিক মানুষের সেতুবন্ধন। মাঠ পর্যায়ের তথ্য সঠিক না হলে প্রকৃত সুবিধাভোগী বাদ পড়ার ঝুঁকি তৈরি হয়। তাই নির্ভুল তথ্য সংগ্রহ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। কোনো পরিবার যেন ভুলভাবে বাদ না পড়ে এবং অযোগ্য কেউ যেন অন্তর্ভুক্ত না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।”
উপজেলা সমাজসেবা অফিসার মোছাঃ ববিতা খাতুন বলেন, “এই প্রশিক্ষণে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের ফ্যামিলি কার্ডের নির্ধারিত ফরম, ডিজিটাল এন্ট্রি, যাচাই ও তদারকি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হচ্ছে। মাঠকর্মীদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে প্রকৃত হতদরিদ্র ও প্রান্তিক পরিবারগুলো সরকারের সুবিধা পায়।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঠ পর্যায়ে নির্ভুল তথ্য সংগ্রহ, সময়মতো প্রতিবেদন জমা এবং সুপারভাইজারদের মাধ্যমে যথাযথ যাচাই নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
![]()









