
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত
কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল সম্পন্ন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কাজী সমিতির কাউন্সিল অধিবেশন সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় কুলাউড়ার একটি অভিজাত রেষ্টুরেন্টে উৎসবমুখর পরিবেশে গোপন ব্যালটের মাধ্যমে শান্তিপূর্ণভাবে কাজী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনকে ঘিরে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়।
কাউন্সিল অধিবেশনের পূর্বে আয়োজিত আলোচনা সভায় কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলামের সভাপতিত্বে ও কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ.কে.এম বদরুল হক। কাউন্সিল অধিবেশনে নির্বাচন কমিশনার ছিলেন মৌলভীবাজার জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী বদরুল ইসলাম।
কাউন্সিল অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির সভাপতি পদে কাজী মাওলানা গোলাম মোস্তফা চৌধুরী, সাধারণ সম্পাদক পদে কাজী মাওলানা মখলিছুর রহমান ও সাংগঠনিক সম্পাদক পদে কাজী মাওলানা রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। অধিবেশন শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি কাজী এ.কে.এম বদরুল হকসহ উপস্থিত সকল কাজীদের সর্বসম্মতিক্রমে মনোনীত কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি কাজী মাওলানা আব্দুল মনাফ, কাজী মাওলানা খন্দকার ফখরুল ইসলাম, কাজী মাওলানা জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজী মাওলানা গৌছ আলী, কাজী মাওলানা সৈয়দ লিয়াকত আলী, কাজী মাওলানা রফিকুল ইসলাম সিতার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা এহসানুল মাহবুব জাকির, কাজী মাওলানা আব্দুস সামাদ, অর্থ সম্পাদক, কাজী মাওলানা আব্দুস সামাদ কয়েছ, প্রচার সম্পাদক কাজী মাওলানা আব্দুল আলীম শাহজালালী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, বড়লেখা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা হুমায়ুন আহমদ চৌধুরী, শ্রীমঙ্গল কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা নাছির উদ্দিন, রাজনগর কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা ফয়জুল ইসলাম, মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মুজিবুর রহমান, জুড়ী উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা মখলিছুর রহমান, কমলগঞ্জ উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আব্দুল হামিদ, মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক কাজী মাওলানা মহি সুন্নাহ প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কাজী এ.কে.এম বদরুল হক বলেন, একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচনের মাধ্যমে কুলাউড়া উপজেলা কাজী সমিতির যোগ্য নেতৃত্ব নির্বাচিত হয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই নব-নির্বাচিত সুযোগ্য নেতৃত্বের হাত ধরে আগামী দিনে সমিতির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত রূপ লাভ করবে।
![]()









