
বিএনপি পাঁচ বছর দেশ শাসন করলে দুর্ভিক্ষে মারা যাবো: রাশেদ প্রধান
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমার দৃষ্টিতে নতুন জালেম বিএনপির অপকর্ম বলে শেষ করা যাবে না। তেল-গ্যাসের দাম, সিলিন্ডার, সার সংকট, সিন্ডিকেট ও দলীয়করণ—সবকিছুতেই তাদের ব্যর্থতা। এরা যদি পাঁচ বছর বাংলাদেশ শাসন করে, তাহলে আমরা দুর্ভিক্ষে মারা যাবো। আমরা দুর্ভিক্ষে মরার জন্য আসিনি।’
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাশেদ প্রধান বলেন, ‘আমরা কারও চোখ রাঙানিকে ভয় পাই না। বাংলার মাটি আর ভারতের অঙ্গরাজ্য হবে না। এ দেশের মাটিতে নতুন কোনো স্বৈরতন্ত্র কায়েম হতে দেবো না। প্রয়োজনে আবারও জুলাইয়ের মতো আন্দোলনে নামবো। আমরা শহীদি তামান্না নিয়ে প্রস্তুত আছি।’
উত্তরবঙ্গের উন্নয়নবৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আমার এই উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত। রাজশাহী শহর ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কোথাও উন্নয়নের ছিটেফোঁটা দেখতে পাই না। শুধু মহাসড়ক পাকা করলেই কোনো জেলাকে উন্নত বলা যায় না। এই অঞ্চলের উন্নয়ন আমাদেরই নিশ্চিত করতে হবে।’
জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের প্রসঙ্গ টেনে জাগপার এই নেতা বলেন, ‘এই উত্তরবঙ্গ থেকেই আবু সাঈদ আমাদের বিবেককে জাগিয়ে তুলেছিলেন। আমরা যুগে যুগে শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। ভয় দেখিয়ে লাভ নেই। প্রয়োজন হলে আবারও জুলাইয়ের মতো রাজপথে নামবো।’
১১ দলীয় জোটের আন্দোলনের উদ্দেশ্য তুলে ধরে রাশেদ প্রধান বলেন, ‘এই যুদ্ধ ১১ দলকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধ নয়, জামায়াতকে ক্ষমতায় নেওয়ার যুদ্ধও নয়। এটি বাংলাদেশের যুদ্ধ। এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে। আমি ক্ষমতা চাই না। মৃত্যুর আগে শুধু দেখতে চাই, বাংলাদেশ একটি পরিপূর্ণ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যেখানে ভারতীয় আধিপত্য থাকবে না, থাকবে মানবিকতা ও ইনসাফ।’
নিজের বাসায় হামলার অভিযোগ তুলে তিনি বলেন, ‘নব্য জালেম বিএনপি আমার বাসায় হামলা করলেও আমি ভয় পাইনি। আমাকে ভয় দেখানো এত সহজ নয়। আমার মৃত্যু যে মুহূর্তে লেখা আছে, ঠিক সেই মুহূর্তেই হবে। তার এক সেকেন্ড আগেও কেউ আমাকে মারতে পারবে না।’
জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান, এবি পার্টির নওগাঁ জেলা আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা।
![]()









