
কালকিনিতে বৃদ্ধের ঘরে আগুন-লুটপাট, প্রধান আসামি গ্রেপ্তার
মাদারীপুরের কালকিনিতে সৌদিপ্রবাসী সত্তরোর্ধ্ব বৃদ্ধ হাবিবুর রহমান হাবুল শিকদারের বসতঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলার প্রধান আসামি জাকির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার সাহেবরামপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি চর সাহেবরামপুর গ্রামের মৃত এমদাদুল সরদারের ছেলে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে ২০২২ সালে আদালতের দ্বারস্থ হন হাবুল শিকদার। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষ তাঁর বিরুদ্ধে মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ তোলে।
গত ৫ অক্টোবর বিষয়টি মীমাংসার জন্য সালিশি বৈঠকের দিন ধার্য ছিল। ওই বৈঠকে হাবুল শিকদার উপস্থিত না হওয়ায় তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় বসতঘরে ভাঙচুর ও লুটপাটের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তাঁর দোতলা টিনের বসতঘর ও গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনায় ৬ অক্টোবর হাবুল শিকদারের স্ত্রী দেলোয়ারা বেগম বাদী হয়ে ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে কালকিনি থানায় মামলা করেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আলম জানান, মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দ্রুততম সময়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।
![]()









