
জম্মু কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে ২ জঙ্গি নিহত
ভারতশাসিত জম্মু কাশ্মীরের উধমপুরে বুধবার (১৬ সেপ্টেম্বর ) গভীর রাতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে ২ জঙ্গি নিহত। তারা জঙ্গি সংগঠন জৈশ- ই- মহম্মদ এর সদস্য বলে প্রাথমিকভাবে মনে করছে সেনাবাহিনী। তাদের পরিচয় এখনও নিশ্চিত জানা যায়নি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে।সূত্রে প্রকাশ, উধমপুরে সোহান এলাকায় সন্দেহজনক কয়েকজনের গতিবিধি নজরে আসার পর বুধবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোয়েন্দা সূত্রে এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর পাওয়ার পরই শুরু হয় অপারেশন। এলাকা ঘিরে তল্লাশি চালানোর সময়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের মুখোমুখি সংঘর্ষ বাধে। শুরু হয় তুমুল গুলির লড়াই। অন্ধকারের মধ্যেই দীর্ঘ সময় ধরে ২ পক্ষের মধ্যে গুলি চলে। গভীর রাতে ২ জঙ্গি নিহত হয়েছে বলে নিশ্চিত করে নিরাপত্তা বাহিনী। ভোরের দিকে এনকাউন্টার স্থল থেকে তাঁদের দেহ উদ্ধার করা হয়। সূত্রের খবর, মৃত ২ জনেই বিদেশী জঙ্গি এবং তাঁদের জৈশ- ই- মহম্মদের সঙ্গে যোগ থাকার সম্ভাবনা রয়েছে। তবে তাঁদের পরিচয় এবং সংগঠনের সঙ্গে যোগ সম্পর্কে এখনও স্পষ্ট তথ্য মেলেনি।
![]()









