
রাজনীতি ও শিল্প-বাণিজ্যের প্রবাদপুরুষ
আখতারুজ্জামান বাবু
নাসিরুদ্দিন চৌধুরী
চট্টগ্রামের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলে আখতারুজ্জামান চৌধুরী বাবু তাঁর জীবদ্দশাতেই প্রবাদপুরুষে পরিণত হয়েছিলেন। প্রধানত রাজনীতিবিদ, ব্যবসায়ী ও শিল্পপতি হিসেবেই তাঁর নামডাক ছিলো। কিন্তু আরো নানা পরিচয়ে এবং নানা গুণের সমাহারে তাঁর সময়ের একজন বিশিষ্টতম ব্যক্তিত্ব হয়ে উঠেছিলেন তিনি। তিনি একমাত্র বাংলাদেশী, যিনি প্রথম ৭৭-জাতি গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ওআইসিভুক্ত দেশসমূহের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান, দেশের ব্যবসায়ীদের সর্বোচ্চ সংস্থা এফবিসিসিআইর প্রেসিডেন্ট ও দু’দফায় চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। তিনি একটি মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য ছিলেন। যে পরিবারের তিন পুরুষ সদস্যই আওয়ামী রাজনীতির সক্রিয় সংগঠক ও নেতা, যে পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য মুক্তিযুদ্ধে নিজের জীবন উৎসর্গ করে স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আখতারুজ্জামান বাবু একজন দানশীল ব্যক্তিত্ব, সমাজহিতৈষী, সিংহপুরুষ, মানবদরদী, উদার হৃদয়ের অধিকারী কোমল, দয়ালু মানুষ ছিলেন।
তিনি বর্ণাঢ্য, আকর্ষণীয় জীবনের অধিকারী ছিলেন। তাঁর জীবন যখন নিঃশেষ হয়, তখন তিনি চট্টগ্রামের মানুষের কাছে তাদের অভিভাবকরূপে চিহ্নিত, জনপ্রিয়তায় সবাইকে ছাড়িয়ে ছাপিয়ে এত উঁচুতে উপনীত হয়েছিলেন যে, তিনি তখন এক কিংবদন্তী—জনপ্রিয় জননেতা। একটি দলেরই নেতা তিনি, কিন্তু সবদলের কাছেই তখন তাঁর গ্রহণযোগ্যতা ছিলো। মৃত্যুকালে তিনি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী সংস্থা প্রেসিডিয়ামের সদস্য ছিলেন। তিনি বিভিন্ন সময়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক পদাধিকারী ছিলেন।
৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচন, যার রায়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভিত্তি রচিত হয়, মুক্তিযুদ্ধ হয় এবং বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়, সেই নির্বাচনে বিজয়ী হয়ে আখতারুজ্জামান বাবু প্রবেশ করেছিলেন সংসদীয় জীবনে। সেটা ছিলো তাঁর জীবনের প্রথম নির্বাচন। তারপর আরো পাঁচবার তিনি সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেকবারই বিজয়ী হয়েছিলেন। অর্থাৎ কোনবারই তিনি ভোটে হারেননি, অন্যকথায় তাঁর নির্বাচকমণ্ডলী জনগণ তাঁকে কখনও বিমুখ করেনি। তাঁর এলাকাটা অদ্ভুত-আনোয়ারার মানুষ তিনি, কিন্তু তাঁর নির্বাচনী এলাকার মধ্যে আনোয়ারা ত বটেই, পটিয়ার পাঁচ ইউনিয়নও অন্তর্ভুক্ত ছিলো। এই পাঁচ ইউনিয়ন নিয়ে এখন কর্ণফুলী উপজেলা গঠিত হয়েছে। একজন মানুষ নিজ এলাকায় পরিচিত হতে পারেন, প্রভাবশালী হতে পারেন এবং সে কারণে ভোটও পেয়ে নিজের বিজয় সুনিশ্চিত করতে পারেন। কিন্তু যা’ নিজের থানা বা উপজেলা নয়, সেখানকার মানুষের কাছ থেকেও বারবার ভোট পেয়ে বিজয়ী হওয়া, এটা খুব সহজ সমীকরণ নয়। মানুষের হৃদয় রাজ্যের রাজা না হলে কেউ বারবার এভাবে বিজয় করায়ত্ত করতে পারে না।
৬৯-৭০ সালে ধনী মুসলিম লীগ পরিবারের যে সন্তানরা আওয়ামী লীগে যোগদান করেন বলে মনে করা হয়, তাদের মধ্যে আনোয়ারার জমিদার এয়ার আলী খান পেঁচু মিয়ার পুত্র আতাউর রহমান কায়সার ও সাতকানিয়ার আহমদ কবির চৌধুরীর পুত্র সিরাজুল ইসলাম চৌধুরী সম্পূর্ণরূপে ফিউডাল (সামন্ত) ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। আনোয়ারার জমিদার নুরুজ্জামান চৌধুরীর পুত্র আখতারুজ্জামান চৌধুরী, মিরসরাইর ব্যবসায়ী সৈয়দুর রহমান চৌধুরীর পুত্র ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং ফটিকছড়ির ব্যবসায়ী কাম জমিদার মির্জা আবু আহমদের পুত্র মির্জা আবু মনসুর— এরাও সেমি-ফিউডাল ব্যাকগ্রাউন্ড থেকে আসেন। কিন্তু মোশাররফ ও মির্জা মনসুরের পিতৃদ্বয় মোটামুটি ব্যবসায়ীই ছিলেন বলা যায়। মির্জা আবু’র তো ইন্ডাষ্ট্রিই ছিলো।
আখতারুজ্জামান বাবুর পরিবারেও পুুঁজির অনুপ্রবেশ ঘটেছিলো তাঁর বড় ভাই বশিরুজ্জামান চৌধুরীর হাত ধরে। বশিরুজ্জামান ষাটের দশকে রীতিমতো প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আখতারুজ্জামান বাবু বড় ভাইয়ের উৎসাহে ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন এবং এবং ক্রমশ পাকা ব্যবসায়ী হয়ে ওঠেন। ব্যবসায় সিদ্ধি লাভের পর তিনি শিল্প প্রতিষ্ঠার দিকে মনোযোগ নিবদ্ধ করেন। রয়েল ইন্ডাস্ট্রি নামে একটি ছোট ইন্ডাস্ট্রি থেকে তিনি একটি বৃহৎ শিল্প সাম্রাজ্য গড়ে তুলতে সক্ষম হন। আরামিট নামে, সুইজারল্যান্ডভিত্তিক এসবেস্টর’স সিমেন্টের একটি কারখানার ৫১% শেয়ার কিনে তিনি কারখানাটির পরিচালন ভার গ্রহণ করেন এবং তাঁর সুদক্ষ পরিচালনা ও ব্যবস্থাপনায় আরামিট অত্যন্ত লাভজনক একটি শিল্প হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। পরে তিনি মিলটি পরিচালনার দায়িত্ব তাঁর জ্যেষ্ঠপুত্র সাইফুজ্জামান চৌধুরী জাভেদের (সাবেক ভূমি মন্ত্রী) হস্তে অর্পণ করলে তিনি আরামিটের মুনাফা আরো বৃদ্ধি করেন এবং ব্যবসার ব্যাপক বিস্তৃতি ঘটান। তিনি এক আরামিট থেকে এলুমিনিয়াম, সিমেন্ট, জুতাসহ আরো চারটি ইউনিট প্রতিষ্ঠা করেন।
অন্যদিকে মোশাররফ হোসেন তাঁর প্রকৌশল জ্ঞান কাজে লাগিয়ে গ্যাস পাইন স্থাপনের একটি টেকনিক্যাল ফার্ম স্থাপন করেন এবং সেই লাইনে মোটামুটি ভালো ব্যবসা করতে সক্ষম হন।
কায়সার ভাই ও মনসুর ভাই ব্যবসায়িক বিকাশ ঘটাতে ব্যর্থ হন। সিরাজুল ইসলাম চৌধুরী সামন্ত গণ্ডি থেকে বেরই হতে পারেননি বা বের হতে চাননি।
এই ধনীর দুলাল পঞ্চপাণ্ডব ৬৯-৭০ সালে আওয়ামী লীগের জোয়ারের সময় আওয়ামী লীগে যোগদান করেন এবং প্রত্যেকে ৭০-এর নির্বাচনে টিকিট বাগিয়ে নেন। কায়সার জাতীয় পরিষদে এবং বাকি চারজন প্রাদেশিক পরিষদের মনোনয়ন লাভ করেন। মনে করা হয়, পুরোনো, ত্যাগী নেতাদের বঞ্চিত করে ধনী-পুত্রদের মনোনয়ন দেয়া হয়। এতে আওয়ামী লীগ নেতা-কর্মীদের একাংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া হয়। তবে সত্তরের ওই মনোনয়ন আওয়ামী লীগের জন্য ক্ষতিকর কিছু হয়নি, বরং হিতকরই হয়েছে। তাঁরা প্রত্যেকেই নির্বাচিত হয়েছেন এবং আওয়ামী লীগের জন্য অবদান রেখেছেন। আখতারুজ্জামান বাবু আমৃত্যু শুধু যে আওয়ামী লীগ করেছেন তা’ নয়, তিনি প্রথমে চট্টগ্রাম দক্ষিণ জেলা, পরে গোটা চট্টগ্রামেরই আওয়ামী লীগের সর্বপ্রধান নেতা হয়ে ওঠেন। একই সময়ে তাঁকে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য সম্পাদক নির্বাচিত করা হলে তিনি জাতীয় রাজনীতিতেও অবদান রাখার সুযোগ লাভ করেন। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে তিনি দেহত্যাগ করেন।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রথমে সাধারণ সম্পাদক, পরে সভাপতি হিসেবে দীর্ঘদিন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগকে পরিচালনা করে বর্তমানে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে কেন্দ্রে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া মোশাররফ শেখ হাসিনার দুই মেয়াদের সরকারে কেবিনেট মন্ত্রীর মর্যাদা লাভ করেন।
মির্জা মনসুর ও সিরাজুল ইসলাম চৌধুরী স্বাধীনতার পর আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ কোন সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ না পেলেও তাঁরা আওয়ামী লীগের বিপরীত স্রোতেও গা ভাসাননি।
আখতারুজ্জামান বাবু সম্পর্কে এখানে বিশেষভাবে যে কথাটা বলা দরকার তাহলো, আওয়ামী লীগের জোয়ারের সময় ৬৯-৭০ সালে আওয়ামী লীগে যোগদানের তথ্য তাঁর বেলায় প্রযোজ্য নয়। তিনি বহু আগে থেকেই আওয়ামী লীগের রাজনৈতিক পরিমণ্ডলে ছিলেন । ১৯৫৭ খ্রিস্টাব্দে চট্টগ্রাম জেলা ছাত্রলীগের যে কমিটি হয়, তিনি তার সদস্য নির্বাচিত হয়েছিলেন। এটা যদি সত্য হয়, তাহলে ধরে নিতে হয়, আখতারুজ্জামান বাবু বহু পূর্ব থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এবং তিনি পুরোনো আওয়ামী লিগার। বাবু ভাই আমাকে বলেছেন, তিনি কিছুদিন দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৭০-এ মনোনয়নের মাধ্যমে আগত চার নেতার মতো তিনি নব্য আওয়ামী লিগার নন। আর তিনি যে ১৯৫৭ খ্রিস্টাব্দে ছাত্রলীগ করতেন, সেটা সত্য বলে ধরে নিতে হবে একারণে যে, ১৯৫৭ খ্রিস্টাব্দে ছাত্রলীগ চট্টগ্রাম জেলা কমিটির যিনি সভাপতি হয়েছিলেন—সেই ফটিকছড়ির অ্যাডভোকেট রফিকুল আনোয়ারই একথা আমাকে বলেছিলেন। রফিকুল আনোয়ার ৭১-এর মার্চ মাসের অসহযোগ আন্দোলন এবং ছাব্বিশে মার্চের প্রতিরোধ যুদ্ধের সময় রেস্ট হাউসে কন্ট্রোল রুম খোলা হলে সেখানে দায়িত্ব পালন করেছিলেন।
আখতারুজ্জামান চৌধুরী ধনাঢ্য ব্যবসায়ী, বিশিষ্ট শিল্পপতি এবং ব্যবসায়ী নেতা ছিলেন। ব্যবসা-বাণিজ্য করতে গিয়ে ব্যবসায়ীদের নানা সমস্যার সম্মুখীন হয়ে অশেষ দুর্ভোগ পোহাতে হয়। কিছু সমস্যা সরকারের সঙ্গে, কিছু সমস্যা সরকারি ও কিছু বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে; যেমন বাজেটে কর, শুল্ক আরোপ হলে এক সমস্যা, আমদানি-রফতানি নীতি নিয়েও সমস্যা হয়, তাতেও সরকারের সঙ্গে দেন দরবারের প্রশ্ন এসে পড়ে। প্রাতিষ্ঠানিক সমস্যার মধ্যে কাস্টম, বন্দর, চসিক, পুলিশ ইত্যাদি রয়েছে। তার মধ্যে কতগুলি ওহফরারফঁধষ সমস্যা, সেগুলি একা সমাধান করতে হয়। কতগুলি ঈড়ষষবপঃরাব- সকলের সমস্যা। সেগুলি সমাধানের জন্য ঈড়ষষবপঃরাব বভভড়ৎঃ চাই। এই সম্মিলিত প্রয়াস চালানোর প্রয়োজন থেকে গড়ে উঠে ট্রেড বডি। যেমন সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, লাইটারেজ ভেসেল ওনার্স এসোসিয়েশন, টিম্বার মার্চেন্টস এসোসিয়েশন, শিপার্স কাউন্সিল, পোর্ট ইউজার্স ফোরাম, খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন ইত্যাদি। আবার এই সবগুলি সংস্থার সমন্বয়ে একটি একক বা আমব্রেলা সংগঠন সৃষ্টির প্রয়োজনে গড়ে ওঠে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। আখতারুজ্জামান বাবু একই সঙ্গে ব্যবসায়ী ও রাজনীতিবিদ। রাজনীতি করার সুবাদে তাঁর সাংগঠনিক অভিজ্ঞতা ছিলো প্রচুর। সেই অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছিলেন ব্যবসা করতে গিয়ে তিনি যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন অন্যান্য ব্যবসায়ীরাও সেসব সমস্যা পোহাচ্ছেন, সুতরাং তাদেরকে সংগঠিত করে ঐসব সমস্যা থেকে প্রতিকারের উপায় খুঁজতে হবে। তিনি এবার চেম্বারের দিকে মনোযোগী হলেন, ৩০ ডিসেম্বর ১৯৮৫ খ্রিস্টাব্দে তিনি চিটাগাং চেম্বারের সভাপতি নির্বাচিত হলেন। পরবর্তী মেয়াদেও (১৯৮৮) ব্যবসায়ীরা তাঁকে সভাপতি নির্বাচিত করলো। এরপর তাঁর ঢাকা বিজয়ের পালা। ঢাকা গিয়ে ১৯৮৭-১৯৮৯ মেয়াদের জন্য তিনি দেশের ব্যবসায়িদের সর্বোচ্চ সংস্থা এবং চেম্বার সমূহের ফেডারেশন এফবিসিসিআই’র সভাপতি নির্বাচিত হলেন। এফবিসিসিআই সভাপতি হিসেবে তাঁর বড়ো কাজ হচ্ছে এফবিসিসিআইকে একটা ঠিকানা উপহার দেয়া। তার আগে এফসিবিসিআই-এর কাজ চলতো “আগাজ চেম্বার” নামে একটি ভবনের ভাড়া করা অফিসে। তিনিই প্রথম এফবিসিসিআই’র জন্য জায়গা খরিদ করে নিজস্ব ভবনে স্থিত করার পদক্ষেপ নেন। তিনি চিটাগাং চেম্বার থেকে লোন নিয়ে এফবিসিসিআই’র ভবন তৈরি করেন। পরে সেই লোন শোধও করেন। এফবিসিসিআই’র সভাপতিত্বে মেয়াদ শেষ হওয়ার পরেও তিনি ১০ সেপ্টেম্বর ১৯৮৯ থেকে ৩০ মার্চ ১৯৯০ পর্যন্ত প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।
আখতারুজ্জামান বাবু কিন্তু সেখানেই থেমে থাকেননি। তাঁর আগে জহিরউদ্দিন খান এফবিসিসিআইতে গিয়েছিলেন। মোর্শেদ খান ঢাকা মেট্রোপলিটন চেম্বার প্রতিষ্ঠা করেছেন। কিন্তু তাঁরা সেখানেই থেমে গেছেন। কিন্তু আখতারুজ্জামান বাবু আরো অগ্রসর হয়ে ৭৭ জাতি গ্রুপের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (জাতিসংঘের একটি প্রতিষ্ঠান) ভাইস চেয়ারম্যান, ওআইসিভুক্ত দেশসমূহের প্রতিষ্ঠান ইসলামিক চেম্বার অব কমার্সের চেয়ারম্যান নির্বাচিত হন। চট্টগ্রামবাসী তো নয়ই, আর কোন বাঙালি ৭৭ জাতি গোষ্ঠীর ভাইস চেয়ারম্যান হতে পারেননি। এটি একটি বিরল সম্মান, আখতারুজ্জামান বাবুর অনন্য অর্জন।
আখতারুজ্জামান বাবুর জীবনে আরো নানা গুণের সমারোহ ঘটেছিলো, যা তাঁকে সমসাময়িক অন্য নেতার চেয়ে বিশেষ মর্যাদা দান করেছে। সেই নেতা তাঁর দলের বা অন্য দলের যা-ই হোক না কেন। তাঁর সামাজিক চরিত্র নানাদিকে বিকশিত হয়ে দেশকে আলোকিত ও সুরভিত করেছিলো। যে কারণে মানুষ আজো তাঁর কথা মনে করে নিরবে নিভৃতে চোখের জল ফেলে। সে কারণে আজো কোথাও তাঁর স্মরণে সভা হলে মানুষ উপচে পড়ে। এমনই মান্য, স্মরণীয়, বরণীয় পুরুষ আখতারুজ্জামান চৌধুরী বাবু। তাঁর জগত দেশের গণ্ডি ছাড়িয়ে ভারত, লন্ডন, আমেরিকা পর্যন্ত বিস্তৃত ছিলো। তিনি দান করতেন, ব্যক্তিগতভাবে চুপিচুপি; দেশে বিদেশে এত মানুষ তাঁর কাছ থেকে উপকার পেয়েছিলো যে, তাঁর দয়া ও দানের হস্ত এত প্রসারিত হয়েছিলো যে, তিনি না বললেও, বলতে নিষেধ করলেও জনে জনে মানুষের কানে কানে এখবর পৌঁছে গিয়েছিলো যে, আখতারুজ্জামান বাবু একালের দানবীর—কিংবদন্তীর ‘হাতেম তাই’। তাঁর কাছে কিছু চেয়ে কেউ খালি হাতে ফিরেনি। কেউ তাঁর শরণাপন্ন হলে তিনি তাঁকে বিমুখ করেন না। মানুষকে দিতে দিতে শার্র্ট প্যান্টের যদি পকেট খালি হয়ে যায়, তবুও আখতারুজ্জামান বাবু অম্লানবদন, হাসিমুখ। পকেট হাতড়ে কিছু না পেলে ধার করে হলেও সাহায্যপ্রার্থীকে কিছু দিয়ে খুশি করতে হবে—এমনই ছিলো আখতারুজ্জামান বাবুর বিবেচনাবোধ।
![]()









