- - -

আপনাদের সঙ্গে দেখা হবে না আর : ট্রাইব্যুনালে ইনু

Print News

আপনাদের সঙ্গে দেখা হবে না আর : ট্রাইব্যুনালে ইনু

বিতর্কিত জুলাই-আগস্ট আন্দোলনকে ঘিরে হত্যা ও গণহত্যার দায়ে ৭টি পৃথক মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ১৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ (আইসিটি) হাজির করা হয়েছিল। এই সময় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার মামলা অন্য ট্রাইব্যুনালে স্থানান্তরের বিষয়টি অন্য আসামিদের কাছে তুলে ধরেন।

আজ ১৫ অক্টোবর বুধবার সকালে ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির হয়ে হাসানুল হক ইনু উপস্থিত আসামিদের উদ্দেশে বলেন, “আপনাদের সঙ্গে সম্ভবত আর দেখা হবে না, আমার মামলা ট্রাইব্যুনাল-২-এ নিয়ে গেছে।”

অন্যদের প্রতিক্রিয়া: ইনুর মন্তব্য শুনে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি তাকে সান্ত্বনা দিয়ে বলেন, “চিন্তা করবেন না ভাই। আল্লাহ ভরসা। বুকে বল রাখেন, মনোবল হারাবেন না।” সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান তখন বলেন, “এভাবে ওঠানো-নামানোর নাটক কবে শেষ হবে এদের।”

ট্রাইব্যুনালের কার্যক্রম

কেরানীগঞ্জ, কাশিমপুর ও নারায়ণগঞ্জ কারাগার থেকে উচ্চ নিরাপত্তা ব্যবস্থায় ১৬ জন আসামিকেই ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে ছিলেন—ডা. দীপু মনি, শাজাহান খান, জুনাইদ আহমেদ পলক, গোলাম দস্তগীর গাজী, রাশেদ খান মেনন, সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম, সোলাইমান সেলিম, তৌফিক-ই এলাহী চৌধুরী, সালমান এফ রহমান ও কামাল আহমেদ মজুমদার।

আদালত সূত্রে জানা গেছে, এদিন ইনুসহ একাধিক আসামির মামলা ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরিত হয়েছে।

প্রসিকিউশন পক্ষ প্রতিবেদন দাখিল না করে সময় চাইলে ট্রাইব্যুনাল নতুন শুনানির তারিখ আগামী ৮ ডিসেম্বর নির্ধারণ করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa