
রাজশাহীসহ উত্তরাঞ্চলে শারদীয় দুর্গাপূজা: বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় র্যাব-৫
আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে রাজশাহীসহ উত্তরাঞ্চলে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে র্যাব-৫। পূজা চলাকালে প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যেই বিশেষ অভিযান শুরু করেছে র্যাব।
র্যাব-৫ জানায়, আগামী ২৮ সেপ্টেম্বর মহালয়া দিয়ে শুরু হয়ে ১২ অক্টোবর মহাদশমী পর্যন্ত দুর্গাপূজা চলবে। এ সময় রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁসহ বিভিন্ন জেলায় পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে টহল, মোবাইল টিম ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।
যেসব পূজামণ্ডপে অধিক ভিড় হয়, সেখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। সন্ত্রাসী, নাশকতামূলক কার্যক্রম ও চাঁদাবাজি প্রতিরোধে র্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।
২৬ সেপ্টেম্বর থেকে র্যাব-৫ বিশেষ নিরাপত্তা অভিযান শুরু করেছে। পূজামণ্ডপ এলাকায় মাদক, জুয়া ও অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি চালানো হবে। এ ছাড়া গুরুত্বপূর্ণ মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। প্রয়োজনে র্যাব কারিগরি সহায়তাও দেবে।
রাজশাহীতে র্যাব-৫ এর সদর দপ্তর ও বিভিন্ন ক্যাম্প থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হবে। পূজা চলাকালে প্রতিটি এলাকায় টহল, চেকপোস্ট, কন্ট্রোল রুম ও মোবাইল পেট্রোলিং ব্যবস্থা চালু থাকবে।
এ ছাড়া গুজব বা অপপ্রচার রোধে সামাজিক যোগাযোগ মাধ্যম সার্বক্ষণিক মনিটরিং করা হবে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।
পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে মণ্ডপ কর্তৃপক্ষকে র্যাবের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজনে মণ্ডপ এলাকায় অস্থায়ী কন্ট্রোল রুম ও মনিটরিং ব্যবস্থা চালু থাকবে।
র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, অতীতের মতো এবারও দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও সকল ধর্মপ্রাণ মানুষের প্রতি শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনের শুভেচ্ছা জানানো হয়।
![]()









