[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

হৃদরোগ থেকে বাঁচতে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

হৃদরোগ থেকে বাঁচতে স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে: মেয়র ডা. শাহাদাত হোসেন

 

হৃদরোগ থেকে বাঁচতে সবাইকে স্বাস্থ্যকর জীবনযাপন, সুষম খাদ্যাভ্যাস, নিয়মিত শরীরচর্চা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার অভ্যাস গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি ও বৈজ্ঞানিক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিশ্ব হার্ট দিবস ২০২৬-এর প্রতিপাদ্য ‘Don’t Miss a Beat’ বা ‘একটি স্পন্দনও যেন বাদ না পড়ে’ সামনে রেখে চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগ ও চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (সিএসআইসি) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, হৃদরোগ এখন শুধু বয়স্ক মানুষের সমস্যা নয়; অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রমের অভাব, ধূমপান, অতিরিক্ত ওজন, মানসিক চাপসহ নানা কারণে তরুণদের মধ্যেও হৃদরোগের ঝুঁকি বাড়ছে। তাই হৃদরোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক স্বাস্থ্যব্যবস্থা ও জনসচেতনতার ওপর গুরুত্ব দিতে হবে। হৃদরোগের অনেক লক্ষণ খুব সূক্ষ্ম হতে পারে। বুকব্যথা, শ্বাসকষ্ট, অস্বাভাবিক ক্লান্তি বা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
তিনি বলেন, স্বাস্থ্যকর নগর গড়ে তুলতে হলে শুধু রাস্তা, ড্রেন বা অবকাঠামোর উন্নয়ন করলেই হবে না; নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষাকেও সমান গুরুত্ব দিতে হবে। চট্টগ্রামকে একটি সুস্থ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে নগরবাসীর মধ্যে স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, হৃদরোগের ঝুঁকি কমাতে ধূমপান ও তামাকজাত পণ্য পরিহার, অতিরিক্ত লবণ ও চর্বিযুক্ত খাবার কমানো, নিয়মিত হাঁটা বা ব্যায়াম করা এবং রক্তচাপ, রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন। একই সঙ্গে হৃদরোগের প্রাথমিক লক্ষণ সম্পর্কে পরিবারের সদস্যদেরও সচেতন করতে হবে, যাতে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করা যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ডা. আনিসুল হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নুরুদ্দিন তারেক।
চট্টগ্রাম মেডিকেল কলেজের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মাহফুজুর রহমান ও ডা. আনিসুল আউয়াল।
অনুষ্ঠানে হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবু ইউছুপ মো. নুরদ্দীন জাহাঙ্গীর, ডা. এম সালেহ উদ্দিন সিদ্দিকী, ডা. মো. খোরশেদ আলম, ডা. এস এম ইফতেখারুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মো. সাইফ উদ্দিন সোহাগ, ডা. সৈয়দ মিশকাতুন নূর, ডা. আজিজুর রহমান মজুমদার, ডা. ইকবাল মাহমুদসহ মেডিসিন ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান এবং ফ্যাকাল্টি সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা হৃদরোগের সূক্ষ্ম ও লুকায়িত লক্ষণগুলো চিহ্নিত করা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্যকর খাবার ও অভ্যাস গড়ে তোলা, নিয়মিত শারীরিক পরিশ্রম এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
–
১। ক্যাপশন:
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিতে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ চিকিৎসক ও সংশ্লিষ্টরা।
২। ক্যাপশন:
বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রাম মেডিকেল কলেজে আয়োজিত সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn