
হবিগঞ্জ থেকে এয়ারগান উদ্ধার করল র্যাব-৯
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জ সদর এলাকা থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। রোববার (১১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বেরিবাঁধ নসরতপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এয়ারগানটি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র জানায়, রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তায় রক্ষিত অবস্থায় ০১টি এয়ারগান উদ্ধার করা হয়। তবে এয়ারগানটির সঙ্গে সংশ্লিষ্ট কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং এটি নাশকতার কাজে ব্যবহার হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত এয়ারগানটি জিডিমূলে হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, গত ০৫ আগস্ট ২০২৪ থেকে অদ্যাবধি র্যাব-৯ এর দায়িত্বপূর্ণ এলাকা থেকে সর্বমোট ৩৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, ৪টি ম্যাগাজিন, ৪৮৮০ গ্রাম বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১টি সাউন্ড গ্রেনেড, ৫টি পেট্রোল বোমা এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ৫১টি এয়ারগান উদ্ধার করা হয়েছে, যা সর্বমহলে প্রশংসিত হয়েছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
![]()









